ইউজিসির অনুমোদন না পাওয়ায় এ বছরও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ থাকছে না
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন না পাওয়ায় এ বছরও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকছে না। আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এ কে এম জাকির হোসেন।
উপাচার্য মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়সহ নতুন তিনটি বিশ্ববিদ্যালয় এ বছর শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অনুমোদন পায়নি। এ ছাড়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে এখনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। তাই এ বছর নয়, আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হবে।
এর আগে উপাচার্য এ কে এম জাকির হোসেন কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বরকে অস্থায়ী ক্যাম্পাস করে চলতি শিক্ষাবর্ষ (২০২২-২০২৩) থেকে শিক্ষার্থী ভর্তির কথা বলেছিলেন। সেই অনুযায়ী ইউজিসির কাছে শিক্ষার্থী ভর্তির জন্য কোর্সগুলোর পাঠক্রম জমা দিয়েছিলেন বলেও তিনি জানান। প্রথম বছর ফিশারিজ ও অ্যাগ্রিকালচার বিষয়ে শিক্ষার্থী ভর্তির কথা বলা হয়েছিল। প্রতিটি বিষয়ে ৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করার কথা ইউজিসিকে জানিয়েছিলেন তিনি। কিন্তু ইউজিসি থেকে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির অনুমোদন না মেলায় আগামী শিক্ষাবর্ষে নতুন করে আরও একটি বিষয় যুক্ত করে মোট তিনটি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হতে পারে।