বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে ১৪–দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) সমর্থন দেওয়ায় প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিম (তানসেন) এবার মশাল প্রতীক নিয়ে লড়ছেন। তবে এখনো মশালের সঙ্গে মাঠে দেখা যায়নি আওয়ামী লীগের নেতা-কর্মীদের। জাসদের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এ কে এম রেজাউল করিম গতকাল বুধবার নন্দীগ্রাম উপজেলায় মশাল প্রতীকের প্রচারণায় অংশ নেন। তবে তাঁর সঙ্গে দেখা যায়নি আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে।
দলীয় সূত্রে জানা যায়, ১৪-দলীয় জোটের প্রার্থী রেজাউলকে দলীয়ভাবে সমর্থন দেওয়ার বিষয়টি জানিয়ে এবং তাঁর বিজয় সুনিশ্চিত করতে নির্বাচনে নেতা-কর্মীদের মাঠে নামার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত মঙ্গলবার বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতিকে চিঠি দিয়েছেন। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে দেখা যায়নি।
তবে জাসদ বগুড়া জেলা শাখার সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম বলেন, ‘১৪–দলীয় জোট নির্বাচনে জয়ের ব্যাপারে ঐক্যবদ্ধ। সবাই একজোট হয়ে মশালের পক্ষে কাজ করছেন।’
আওয়ামী লীগের তৃণমূলের কয়েকজন নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, রেজাউল ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে মশাল প্রতীকে অল্প ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তখন আওয়ামী লীগও তাঁর পক্ষে কাজ করেছিল। কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি দুই উপজেলায় আওয়ামী লীগ কাউকে কোনো মূল্যায়ন করেননি। এবারও ১৪-দলীয় জোটের প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভেতরে-ভেতরে ক্ষুব্ধ।
নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের নাম প্রকাশ না করার শর্তে চারজন নেতা বলেন, প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে এ কে এম রেজাউল করিম তাঁর দলের গুটিকয় নেতা-কর্মীকে নিয়ে প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তিনি কোনো যোগাযোগ করেননি।
নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, রেজাউল করিম কখনো মশাল, কখনো নৌকা প্রতীকে ভোট করায় ভোটাররাও বিভ্রান্ত। তবু মহাজোটের পক্ষে নির্বাচনী সভা ডাকলে সেখানে যেতে হবে। আওয়ামী লীগের প্রতীক নৌকা। অন্য প্রতীকে ভোট চাওয়া অবশ্যই বিব্রতকর। তবু দেশের বৃহত্তর স্বার্থে দলীয়ভাবে এ কে এম রেজাউল করিমের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত প্রার্থীর পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি।
দুই উপজেলার কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৪ আসনটি বিএনপি-জামায়াতের ‘ভোটব্যাংক’ হিসেবে পরিচিত। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে মোশারফ হোসেন ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৬ হাজার ৭২২ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে, মহাজোটের প্রার্থী হিসেবে জাসদের এ কে এম রেজাউল করিম নৌকা প্রতীক নিয়ে ৮৪ হাজার ৬৭৯ ভোট পান। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই উপজেলাতেই জামায়াত প্রার্থীদের কাছে বড় ব্যবধানে হারে আওয়ামী লীগ-প্রার্থীরা। অতীতে জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনী ফলাফলেও এগিয়ে বিএনপি ও জামায়াত। এ কারণে ভোটের রাজনীতিতে আসনটি বিএনপি-জামায়াতকে শক্ত প্রতিদ্বন্দ্বী ধরা হয়।
অন্যদিকে, দুই উপজেলায় জাসদ ও জাপা সাংগঠনিকভাবে দুর্বল। অতীতের নির্বাচনগুলোয় জাসদ ও জাপার পাওয়া ভোটের সংখ্যা খুবই কম। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে বিএনপি। সংসদীয় আসনটির ২ লাখ ৮৩ হাজার ২৪০ ভোটারের মধ্যে ৩৫ হাজার ৬৯২ জন সেবার ভোট দেন। মহাজোট প্রার্থী রেজাউল করিম ২২ হাজার ২০৩ ভোট পেয়ে সংসদ সদস্য হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নুরুল ইসলাম পেয়েছিলেন ১৩ হাজার ৪৮৯ ভোট।
নির্বাচন কমিশন ও দলীয় সূত্রে জানা যায়, জাসদ প্রার্থী রেজাউল করিম ১৯৯১ সালের নির্বাচনে মশাল প্রতীকে ১ হাজার ৬৩৯ ভোট, ১৯৯৬ সালে ৮৮৮ ভোট, ২০০১ সালের নির্বাচনে ২ হাজার ৭৭৮ ভোট পেয়ে জামানত হারান। তবে ২০০৮ সালের নির্বাচনে মহাজোট থেকে নৌকা প্রতীকে ৭৫ হাজার ৯৯১ ভোট এবং ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে ৮৪ হাজার ৬৭৯ এবং ভোট পান। মশাল প্রতীক নেওয়ায় এবারও তিনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা।
উপনির্বাচনে এই আসনে লাঙ্গল নিয়ে লড়ছেন জাপার প্রার্থী শাহীন মোস্তফা কামাল। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপির সাবেক নেতা ও নন্দীগ্রাম পৌরসভা থেকে একাধিকবার নির্বাচিত মেয়র কামরুল হাসান সিদ্দিকী (কুড়াল), হিরো আলম (একতারা) ও মুশফিকুর রহমান (ট্রাক), জাকের পার্টির আবদুর রশিদ সরদার (গোলাপ ফুল) এবং বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দিন মণ্ডল (ডাব)।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির ছেড়ে দেওয়া এই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন কাহালু ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের অন্তত ছয়জন নেতা। তবে দলীয় সিদ্ধান্তে জাসদকে আসনটি ছেড়ে দেওয়ায় মশাল প্রতীকে ভোট চাওয়ায় আগ্রহ নেই আওয়ামী লীগ নেতাদেরও। আওয়ামী লীগ-বিএনপির দলীয় প্রার্থীবিহীন এই নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ভোটারদেরও আগ্রহ নেই।
কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ প্রথম আলোকে বলেন, উপজেলায় কিছু ভোটারের মুখে সংসদ সদস্যের পদ কোনোভাবেই অন্য এলাকায় যেতে দেবেন না—এমন সুর শোনা যাচ্ছে। জাপার প্রার্থীর পরিচ্ছন্ন ইমেজ। এখন পর্যন্ত ১৪-দলীয় জোটের এখানে শক্ত প্রতিদ্বন্দ্বী জাপাই। তিনি আরও বলেন, জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিমকে ১৪-দলীয় জোটের প্রার্থী ঘোষণা করায় দলের সিদ্ধান্তের বাইরে কারও যাওয়ার সুযোগ নেই। তবে এ কে এম রেজাউল করিম একবার নৌকা, একবার মশাল নিয়ে ভোট করায় তাঁর পক্ষে প্রচারণায় নামা দলীয় নেতা-কর্মীদের জন্য বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনী করণীয় বিষয়ে তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে আজ বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকা হয়েছে।