লক্ষ্মীপুরে যুবলীগ-ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় চারজন রিমান্ডে
লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার চার আসামিকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ভিকটোরিয়া চাকমা এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক বেলায়েত হোসেন রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
রিমান্ড মঞ্জুর হওয়া ব্যক্তিরা হলেন এজাহারনামীয় আসামি মনির হোসেন ওরফে রুবেল, মো. সবুজ, মো. বাবলু ও ইসমাইল হোসেন। তাঁদের মধ্যে মনিরকে র্যাব এবং বাকি তিনজনকে গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ। আজ তাঁদের চারজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিভিন্ন দল কাজ করছে।
গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের গুলিতে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান (৪০) ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম নিহত হন। রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নোমান প্রস্তাবিত জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন। আর রাকিব ইমাম বশিকপুর নন্দীগ্রামের রফিক উল্যার ছেলে।
হত্যাকাণ্ডের ঘটনায় গত বুধবার দিবাগত রাতে নিহত নোমানের ভাই বশিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও বশিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীকে। এ ছাড়া মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়।