‘শিক্ষার্থীকে আটকে রেখে ছাত্রলীগের নির্যাতনের’ তদন্ত প্রতিবেদন দু–এক দিনের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামছুল ইসলামকে ছাত্রলীগের নির্যাতন করার অভিযোগের তদন্ত প্রতিবেদন দু–এক দিনের মধ্যে জমা দেওয়া হবে। ইতিমধ্যে তথ্য সংগ্রহ ও সব পক্ষের সাক্ষাৎকার শেষ করেছে তদন্ত কমিটি।

কমিটির আহ্বায়ক, সহকারী প্রক্টর এবং তড়িৎ ও বৈদ্যুতিন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, তথ্য সংগ্রহ শেষ হয়েছে। প্রতিবেদন লিখতে শুরু করেছেন তাঁরা। দু–এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

আরও পড়ুন

১৯ আগস্ট বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সামছুল ইসলামকে মতিহার হলের একটি কক্ষে আটকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার বিরুদ্ধে ওই দিন রাতে ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের দপ্তরে অভিযোগ দেন সামছুল। এরপর রাতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।

সামছুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, তাঁকে রড ও স্টাম্প দিয়ে পেটান ছাত্রলীগ নেতা ও তাঁর দুই সহযোগী। সন্ধ্যা ছয়টার দিকে ছেড়ে দেওয়ার সময় ভাস্কর সাহা তাঁকে হুমকি দিয়ে বলেন, ‘কাউকে বললে আবরারের যে অবস্থা হয়েছে, সেই অবস্থা হবে।’

আরও পড়ুন

এদিকে সামছুলের কানের বাঁ পর্দা ছিঁড়ে গেছে বলে চিকিৎসকের প্রতিবেদন সূত্রে জানা গেছে। আপাতত নিজেই চিকিৎসা খরচ চালাচ্ছেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিকিৎসার খরচ বহনের আহ্বান জানিয়ে সামছুল ইসলাম বলেন, দ্রুত তাঁর কানে অস্ত্রোপচার করাতে হবে। এ ছাড়া শরীরে অন্য নানা জটিলতা দেখা দিয়েছে। এসবেরও চিকিৎসা দরকার। তিনি মুঠোফোন সার্ভিসিং করে উপার্জিত আয় দিয়ে চলতেন। এখন নিজের চিকিৎসার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. সুলতান-উল-ইসলাম প্রথম আলোকে বলেন, সামছুলের চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। এ বিষয়ে ছাত্র উপদেষ্টাকে বলা হয়েছে।

আরও পড়ুন

আরেক অভিযোগের তদন্ত শুরু সোমবার
এদিকে ছাত্রলীগের নির্যাতনের পর ভয়ে চূড়ান্ত পরীক্ষা না দিয়ে বাড়ি চলে যাওয়ার অভিযোগ করে কুরিয়ার সার্ভিসে চিঠি পাঠিয়েছেন এক শিক্ষার্থী। তাঁর অভিযোগের তদন্ত শুরু হবে আগামী সোমবার।

ওই তদন্ত কমিটির আহ্বায়ক সহকারী প্রক্টর এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহনেওয়াজ পারভেজ প্রথম আলোকে বলেন, তিন সদস্যের তদন্ত কমিটি হয়েছে। কমিটির একজন সদস্য রাজশাহীর বাইরে আছেন। আগামীকাল (রোববার) তিনি ফিরবেন। এরপর সোমবার তাঁরা তদন্ত শুরু করবেন। এই প্রতিবেদনও দ্রুত দেওয়ার চেষ্টা করবেন।

১৭ আগস্ট নির্যাতনের শিকার হন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল-আমিন। প্রাণনাশের ভয়ে বাড়ি চলে গিয়ে ঘটনার সপ্তাহখানেক পর প্রক্টর দপ্তরে নির্যাতনের অভিযোগ তুলে কুরিয়ারে চিঠি পাঠান তিনি।