আমরা আনন্দঘন পরিবেশে শিশুদের পড়াশোনা করাতে চাই: প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, ‘আমরা আনন্দঘন পরিবেশে শিশুদের পড়াশোনা করাতে চাই। হাসিখুশির মধ্যে শিশুরা লেখাপড়া করবে। এ জন্য তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে। এ রকম নানা ধরনের উদ্যোগ আমরা নিয়েছি।’
আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জাকির হোসেন এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা নতুনভাবে কারিকুলাম তৈরি করেছি। নতুন কারিকুলামে আগামী দিনে পড়াশোনা হবে। আমরা শিক্ষকদের মান বৃদ্ধিতে যথেষ্ট সচেতন। প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো যেসব ভবন আছে অকেজো, সেগুলো সুন্দর (সংস্কার) করে এক শিফটের প্রাইমারি স্কুল করার চিন্তাভাবনা করছি।’
জাকির হোসেন বলেন, ‘করোনার সময় আমরা প্রাইমারি স্কুলগুলো বন্ধ রেখেছিলাম। এই সুযোগে কিছু মাদ্রাসা একদম স্কুলের কাছাকাছি গজিয়ে উঠেছে। কারণ, আমাদের এলাকার বেশির ভাগ কর্মব্যস্ত মানুষ, তাঁদের বাচ্চাগুলোকে বাড়িতে রেখে কাজে যাওয়া খুব কঠিন। এ জন্য তাঁরা বাচ্চাগুলোকে মাদ্রাসায় দিয়ে কর্মস্থলে যেতেন। এদিকে মাদ্রাসাগুলোতে আবার বিভিন্নভাবে দুপুরের খাবারের ব্যবস্থা থাকে। স্কুলগুলোতে আমাদের মিড-ডে মিল ও বিস্কুট বিতরণ নানা কারণে বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে আবারও মিড-ডে মিল চালু হয়েছে।’
প্রতিমন্ত্রী পরে বিদ্যালয়ের মুজিব কর্নার, শেখ রাসেল কর্নারসহ বিদ্যালয়ে থাকা উপজেলা রিসোর্স সেন্টারসহ সব ক্লাসরুম পরিদর্শন করেন। এ সময় প্রাথমিক শিক্ষার রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মণ্ডলসহ স্থানীয় রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।