রাজশাহীতে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাহিন্দ্রার সংঘর্ষে দুজন নিহত

রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় দুর্ঘটনায় মাহিন্দ্রা গাড়িটি দুমড়েমুচড়ে যায়ছবি: প্রথম আলো

রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় যাত্রীবাহী মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার পর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন আবদুল্লাহ ফিরোজ। তাঁর গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। তবে মোহনপুর উপজেলার কেশরহাট শাখা ইসলামী ব্যাংকের ক্যাশ ইনচার্জ হিসেবে তিনি কর্মরত ছিলেন। এ ছাড়া অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়িটি রাজশাহী শহর থেকে যাত্রী নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিল। আর ধানবোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহীর দিকে আসছিল। মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় পৌঁছালে ট্রাকটি সঙ্গে মাহিন্দ্রা গাড়িটির সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং কয়েকজন আহত হন। এ সময় ঘটনাস্থলেই ফিরোজের মৃত্যু হয়।

এদিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত অন্য ব্যক্তির নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় ট্রাকটির চালক ও তাঁর সহকারীকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।