নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপরে মাইক্রোবাস, পুলিশ কর্মকর্তা নিহত
চট্টগ্রামে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় পুলিশের একজন কর্মকর্তা নিহত ও ১৮ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকা এবং সকালে মিরসরাই উপজেলার ছোটকমলদহ এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে সকাল পৌনে আটটার দিকে ছোটকমলদহে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ পরিদর্শক এস এম জাহিদ ইকবাল নিহত হন। ওই মাইক্রোবাসে থাকা আরও সাতজন আহত হন। অপর দিকে ভোর সাড়ে চারটার দিকে সুলতানা মন্দির এলাকায় একটি লরির সঙ্গে বাসের ধাক্কায় ১১ জন গুরুতর আহত হন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহাদাত হোসেন জানান, পুলিশ পরিদর্শক এস এম জাহিদ ইকবাল ও তাঁর পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাসে ঢাকা থেকে বান্দরবান যাচ্ছিলেন। তাঁদের মাইক্রোবাসটি আজ সকাল পৌনে আটটার দিকে মিরসরাইয়ের ছোটকমলদহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপরে উল্টে পড়ে। এতে মাইক্রোবাসের ভেতরে থাকা সবাই আহত হন। এর মধ্যে জাহিদ ইকবালকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত জাহিদ ইকবাল চুয়াডাঙ্গা জেলায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশের সদস্যরা আহত বাসযাত্রীদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অপর দিকে বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানী জানান, ভোররাত সাড়ে চারটার দিকে কক্সবাজারগামী একটি বাস সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকা (জিপিএইচ ইস্পাত গেট এলাকা) একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। ওই বাসের ১১ জন যাত্রী গুরুতর আহত হন। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা তাঁদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসে আটজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে জাহিদ ইকবালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বাকি সাতজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে অপর একটি দুর্ঘটনায় কক্সবাজারগামী একটি বাসের ১১ যাত্রীকে আহত অবস্থায় সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁদের আটজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।