বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল দুই নির্মাণশ্রমিকের
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের পলেস্তারার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার খুটাখালী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণশ্রমিকেরা হলেন খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরে ছেলে লাল মুহিত উদ্দিন ওরফে সাগর (৩৩) এবং একই এলাকার মোহাম্মদ জোহারের ছেলে মোহাম্মদ উসমান (১৯)।
মৃত্যুর বিষয়টি খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভবনের তৃতীয় তলায় পলেস্তারার কাজ করার সময় পাশে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন দুজন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনটিতে তিনজন শ্রমিক কাজ করছিলেন। ভবনটির পাশেই ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ছিল। সেই তারে প্রথমে লাল মুহিত বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর উসমান বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন প্রথম আলোকে বলেন, আত্মীয়স্বজন লাশ দুটি বাড়িতে নিয়ে গেছেন। খবর পেয়ে সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।