শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
বাড়ির পাশ দিয়ে একটি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন পরিচিত দুই ব্যক্তি। তাঁদের থামিয়ে মোটরসাইকেলটি চালাতে দেওয়ার আবদার করে কিশোর ইসরাফ শাহাদাত (১৬)। এরপর ইসরাফ মোটরসাইকেলটি নিয়ে অদূরে যেতেই ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। আহত অবস্থায় ইসরাফকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইসরাফ শাহাদাতের মৃত্যু হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নের বাড়িয়াখালী ফকির গ্রামে। সে স্থানীয় ওয়াহিদ্দুনেছা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি ঘটে গতকাল বেলা দুইটার দিকে। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় ইসরাফ শাহাদাত। তাকে উদ্ধার করে এলাকাবাসী প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাযন। তবে অবস্থা শঙ্কাজনক হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
ইসরাফ শাহাদাতের চাচা মুসলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ইসরাফের বাবা নূরের নবী কাতারপ্রবাসী। দুই ভাইবোনের মধ্যে ইসরাফ ছিল ছোট। বাড়ির পাশে শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে ইসরাফের মৃত্যু হয়েছে। তিনি বলেন, রাত ১২টার দিকে ইসরাফের লাশ বাড়িতে আনা হলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ছেলের মৃত্যুর খবরে এরই মধ্যে তার বাবাও কাতার থেকে দেশে ফিরেছেন। আজ বিকেলে জানাজা শেষে গ্রামের কবরস্থানে ইসরাফের লাশ দাফন করা হবে।
ওয়াহিদ্দুনেছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিয়াউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ইসরাফ শাহাদাতের এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। সে খুব মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’