পার্বত্য অঞ্চলের নিরাপত্তায় সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ

পার্বত্য অঞ্চলের নিরাপত্তা নিয়ে সরকারের সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

তিনি বলেন, পরিকল্পনার অংশ হিসেবে এখানে শিগগিরই তিনটি আর্মস পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন করা হচ্ছে। এই তিনটি ব্যাটালিয়নের জন্য ক্যাম্প স্থাপন করা হবে। এ ছাড়া সরকার পার্বত্য অঞ্চলের নিরাপত্তার জন্য যা যা করা দরকার, পর্যায়ক্রমে সেসব উদ্যোগ নেবে।

আজ রোববার বান্দরবানে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি বেনজীর আহমেদ। তিনি থানচি উপজেলা সদরে পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত অবকাশযাপন কেন্দ্র ‘হাইল্যান্ডার্স পার্ক রিসোর্ট’ উদ্বোধনের জন্য দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারে করে বান্দরবানে আসেন।

এ সময় আইজিপির সঙ্গে ছিলেন চট্টগ্রাম পুলিশের উপমহাপরিদর্শক আনোয়ার হোসেন, অতিরিক্ত উপমহাপরিদর্শক কবির আহম্মদ, বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রমুখ।

জেলা পুলিশ সূত্র জানিয়েছে, থানচিতে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে হাইল্যান্ডার্স পার্ক রিসোর্ট নির্মাণ করেছে পুলিশ কল্যাণ ট্রাস্ট। এর অর্ধেকের বেশি কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সেখানে আধুনিক সুযোগ-সুবিধার আটটি কটেজ, কৃত্রিম জলপ্রপাত, সুইমিংপুল, বনভোজনের জায়গা, ক্যাফে, কম খরচে থাকার জন্য ডরমিটরি থাকছে।

সাংবাদিকদের আইজিপি বেনজীর আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রামে পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে এ অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন হবে। এখানকার রাস্তাঘাট ভালো হয়েছে। বিপুলসংখ্যক পর্যটক ভ্রমণে আসছেন। এ জন্য পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রাথমিকভাবে হাইল্যান্ডার্স পার্ক রিসোর্ট করা হয়েছে। ভবিষ্যতে চাহিদা অনুযায়ী পার্কের সম্প্রসারণ করা হবে।