সীমান্তের আকাশে উড়ল মাদকবিরোধী রঙিন ঘুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা উচ্চবিদ্যালয়ের মাঠে আজ রোববার মাদকবিরোধী ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়
ছবি: প্রথম আলো

কয়েক বছর ধরে ঈদ এলেই সীমান্তের অলিগলিতে বেড়ে যায় অপরিচিত ও মাদকসেবীদের আনাগোনা। সীমান্তঘেঁষা গ্রামের রাস্তায় যুবকেরা চলেন অনেকটাই বেপরোয়া। এই পরিস্থিতিতে সীমান্তের আকাশে ঘুড়ি উড়িয়ে মাদকের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানালেন এলাকার একদল তরুণ।

রোববার বিকেল চারটায় দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা উচ্চবিদ্যালয় মাঠে ওসাখস অনলাইন গ্রুপ ও কাটলা ক্রীড়া একাডেমি অ্যান্ড লাইব্রেরি যৌথভাবে এ ঘুড়ি উৎসবের আয়োজন করে। এই উৎসবে কাটলা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের সবার দাবি, সীমান্তঘেঁষা কাটলা ইউনিয়ন মাদকমুক্ত হোক। নতুন প্রজন্ম সুন্দর পরিবেশে বেড়ে উঠুক। আর এ জন্য কাটলায় প্রয়োজন একটি স্বতন্ত্র খেলার মাঠ।

ঘুড়ি উৎসবের পর বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, শিক্ষক, ঘুড়ি উৎসবের আয়োজক সংগঠন ও স্থানীয় তরুণদের পক্ষ থেকে কাটলা ইউনিয়নে একটি স্বতন্ত্র খেলার মাঠের দাবিতে মানববন্ধন হয়। পরে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে সোনালি অতীত একাদশ, অতীত টাইগার একাদশ, অতীত স্টার একাদশ ও ইলেভেন স্টার একাদশ অংশ নেয়।

ঘুড়ি উৎসবে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ২ নম্বর কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী মণ্ডল, একই ইউনিয়ন ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম, কাটলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কাটলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বুলবুল আহমেদ, আইনজীবী মোকিম উদ্দিন মণ্ডল, কাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, নাট্যকার জয়েন উদ্দীন, রংপুর বেতারের গীতিকার জালাল উদ্দীন রুমী প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
ঘুড়ি উৎসব শেষে ক্রিকেট টুর্নামেন্টে অতীত টাইগার একাদশকে ৪৫ রানে হারিয়ে ইলেভেন স্টার একাদশ জয়ী হয়। খেলাটি পরিচালনা করেন মাসুদ রানা।