স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ
ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রুবেলের বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ছাত্রলীগ কর্মীর নাম মো. ফয়সাল। গতকাল বুধবার সন্ধ্যায় গরুর হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
মো. ফয়সালের মামা মিজানুর রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ৯টি ইউনিয়নের ২১টি অস্থায়ী গরু-ছাগলের হাট ইজারার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর মধ্যে চর চান্দিয়া ইউনিয়নের জমাদার বাজার হাট ইজারা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ১১ জন দরপত্র জমা দেন। গতকাল বিকেলে সর্বোচ্চ ৭০ হাজার টাকা দরদাতা হিসেবে মনোনীত হয়ে মিজানুর রহমান হাট পরিচালনার দায়িত্ব পান।
হাটের ইজারা না পেয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রুবেল ও তাঁর সহযোগী মো. হাসানসহ কয়েকজন মিলে ফয়সালকে একা পেয়ে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করেন। তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারী ব্যক্তিরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ফয়সালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ কাজে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও যুবলীগ নেতা মহিউদ্দিন ইন্ধন দিয়েছেন বলে দাবি করেন মিজানুর।
অভিযোগ অস্বীকার করে আলমগীর হোসেন বলেন, মিজানুর রহমান ঝামেলা সৃষ্টি করতে অতিরিক্ত দাম দিয়ে হাট ইজারা নিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল, হাসানসহ কয়েকজন তাঁর ভাগনে ফয়সালকে মারধর করেছেন। তবে সে সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না।
সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।