কথা ছিল মালয়েশিয়া নেওয়ার, চার দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে পালায় দালাল চক্র
সাগরপথে মালয়েশিয়া যাওয়ার আশায় ট্রলারে উঠেছিলেন ৭২ জন। এরপর তাঁদের নিয়ে চার দিন বঙ্গোপসাগরে ঘোরে দালাল চক্র। তবে শেষ পর্যন্ত কাউকেই মালয়েশিয়া নেওয়া হয়নি। মাঝরাতে কক্সবাজার সৈকতে নামিয়ে দিয়ে দালাল চক্রের সদস্যরা পালিয়ে যান।
গতকাল শুক্রবার মধ্যরাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে ২৮ জনকে উদ্ধার করে পুলিশ। বাকিরা সৈকত থেকে পালিয়ে যান। মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ব্যক্তিদের বেশির ভাগই রোহিঙ্গা নাগরিক। তাঁরা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যেতে দালাল চক্রকে ১০ থেকে ১৫ হাজার টাকা করে দিয়েছিলেন।
উদ্ধার হওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট আকৃতির কয়েকটি মাছ ধরার নৌকায় করে ৭২ জনকে গভীর সাগরে নিয়ে যাওয়া হয়। সেখানে অপেক্ষমাণ একটি বড় কাঠের ট্রলারে তাঁদের তুলে দেওয়া হয়। ওই দিন রাতে ট্রলারটি মালয়েশিয়ায় যাওয়ার কথা বলে যাত্রা শুরু করে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠলে ট্রলারটি সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি উপকূলে অবস্থান নেয়।
এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে যাত্রীদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়া নিয়ে ট্রলারের মাঝিমাল্লা ও দালালদের মধ্যে বিবাদ শুরু হয়। এরপর গতকাল রাতে ট্রলারটি কক্সবাজার সৈকতে নিয়ে আসেন মাঝিমাল্লারা। পরে যাত্রীদের পানিতে নেমে পালিয়ে যেতে বলেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ট্রলারটি কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে ভিড়লে হইচই শুরু হয়। এ সময় ট্রলারে থাকা নারী-পুরুষেরা কোমরসমান পানিতে ঝাঁপ দিয়ে বালুচরে উঠতে থাকেন। কেউ কেউ পাশের ঝাউবাগানে ঢুকে পড়েন। পরে নারী-পুরুষের কয়েকটি দল শহরের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৮ জনকে উদ্ধার করে। ট্রলারটি সৈকতে রেখেই মাঝিমাল্লা ও দালাল চক্রের লোকজন পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, টেকনাফ থেকে ট্রলারে তুলে যাত্রীদের মালয়েশিয়ায় পাচারের কথা ছিল। কিন্তু বিরোধের জেরে দালাল চক্র গভীর রাতে তাঁদের কক্সবাজার সৈকতে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সৈকত এলাকা থেকে ২৮ জনকে উদ্ধার করেছে। তাঁদের মধ্যে ২৫ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু। তাঁদের বেশির ভাগ রোহিঙ্গা। বাকিরা কক্সবাজারের টেকনাফ, বান্দরবানের নাইক্ষ্যংছড়িসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
ওসি শেখ মোহাম্মদ আলী আরও বলেন, উদ্ধার হওয়া ২৮ জনের পরিচয় শনাক্তের কাজ চলছে। এরপর রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে এবং বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাচার কাজে ব্যবহৃত জব্দ ট্রলারটি কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। পালিয়ে যাওয়া দালালদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা কয়েকজন দালালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া গ্রামের বাসিন্দা মো. ইলিয়াছ জানান, ১৬ নভেম্বর সন্ধ্যায় টেকনাফ সৈকতের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে তাঁকে ও আরও ১৬ জনকে ছোট একটি নৌকায় তুলে গভীর সাগরে নিয়ে বড় আকৃতির আরেকটি ট্রলারে তুলে দেওয়া হয়। ওই ট্রলারে আগে থেকেই ৪০ জনের বেশি নারী-পুরুষ ছিলেন। ওই দিন রাতে ৭২ জন যাত্রী নিয়ে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। সেন্ট মার্টিনের কাছাকাছি গিয়ে ট্রলারের মাঝিমাল্লা ও দালালদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এর জেরে শুক্রবার রাতে ট্রলারটি কক্সবাজার সৈকতে ভিড়ে। ট্রলারে মাঝিমাল্লা ও দালালের সংখ্যা ছিল ১৭ জন।