সিলেটে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সিলেটে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে সিলেটের জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. ছিদ্দিক আহমদ (৩৩) বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শ গ্রামের বাসিন্দা।
২০২১ সালের ১৩ এপ্রিল রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি গ্রামে বাবার বাড়িতে খুন হন আলীমা বেগম (২৫)। তিনি ছিদ্দিক আহমদের স্ত্রী। তাঁদের চার বছর বয়সী একটি ছেলে আছে।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার প্রায় ছয় বছর আগে মো. ছিদ্দিক আহমদের সঙ্গে আলীমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আলীমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন ছিদ্দিক। এসব ঘটনায় একাধিকবার সালিস করে মুরব্বিরা সমাধান করে দিয়েছিলেন। তবে ক্ষান্ত হননি ছিদ্দিক আহমদ। স্বামীর নির্যাতন সইতে না পেরে আলীমা ছেলেকে নিয়ে ঘটনার প্রায় ১১ মাস আগে বাবার বাড়ি গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের বীরকুলি গ্রামে চলে যান। ২০২১ সালের ১২ এপ্রিল ছিদ্দিক আহমদ শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। এ সময় আলীমার বাবা মো. নিজাম উদ্দিন জামাতাকে ইফতার করে সাহ্রির পর মেয়েকে নিয়ে যাওয়ার জন্য বলেন। ছিদ্দিক আহমদ শ্বশুরবাড়িতে থেকে যান। রাতে একটি কক্ষে তাঁদের থাকতে দিয়েছিলেন নিজাম উদ্দিন। রাত একটার দিকে পরিবারের সদস্যরা আলীমার চিৎকার শুনে ওই কক্ষে গিয়ে দেখেন, তাঁর বুকে, পায়ে ও শরীরের অন্যান্য অঙ্গে ছুরিকাঘাত করছেন ছিদ্দিক। এ সময় তাঁরা এগিয়ে গেলে তাঁদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যান ছিদ্দিক। ঘটনাস্থলেই আলীমার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।
এ ঘটনায় আলীমা বেগমের বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে ছিদ্দিক আহমদকে একমাত্র আসামি করে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ওই বছরের ২৯ জুলাই ছিদ্দিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজ আদালতের বিচারক মৃত্যুদণ্ডের রায় দেন। পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ ছাড়া শাশুড়ি ফুলতেরা বেগম ও দাদিশাশুড়ি সোনাবান বিবিকে ছুরিকাঘাতের ঘটনায় ছিদ্দিককে এক মাসের ও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. নিজাম উদ্দিন বলেন, রায় ঘোষণার সময় মো. ছিদ্দিক আহমদ আদালতে উপস্থিত ছিলেন। মামলার ২১ সাক্ষীর মধ্যে ১৫ জন আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন।