শিবপুরে ভাইয়ের হাতে ভাই খুন, ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুর উপজেলায় তুচ্ছ ঘটনায় বাগ্‌বিতণ্ডার জেরে মাকে মারধর করছিলেন মানসিক ভারসাম্যহীন বড় ছেলে মো. তারিকুল ভূঁইয়া। তাঁর হাত থেকে মাকে বাঁচাতে ঘটনাস্থলে উপস্থিত হন মেজ ছেলে মো. তারেক ভূঁইয়া। মারধর থেকে কোনোভাবেই ছাড়াতে না পেরে সে বড় ভাইয়ের মাথায় কাঠের টুকরা দিয়ে পরপর দুইবার আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তারিকুল ভূঁইয়ার মৃত্যু হয়।

শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের আধঘাটিয়া গ্রামে গতকাল বুধবার দিবাগত রাত ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় শিবপুর থানায় গিয়ে নিজের মেজ ছেলে মো. তারেক ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেন মা মরিয়ম বেগম।    

তারেক ভূঁইয়া শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের আধঘাটিয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগতে থাকা তারিকুল ভূঁইয়া জুতার কারখানার ব্যবসা করতেন। অন্যদিকে মো. তারেক ভূঁইয়া নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাস করে চাকরি খুঁজছিলেন।

মামলার এজাহারে বাদী মরিয়ম বেগম বলেছেন, তাঁর এক মেয়ে ও তিন ছেলে। ছোট ছেলে মো. তানভীর ভূঁইয়া (৯) স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী। গতকাল সন্ধ্যা ৭টার দিকে ছোট ছেলে তানভীরের জন্য রাতের খাবার নিয়ে মাদ্রাসায় যেতে তারিকুলকে বলেছিলেন তিনি। ওই সময় তিনি খাবার নিয়ে যেতে পারবেন না বলে তর্ক শুরু করেন। একপর্যায়ে তারিকুল তাঁর মাকে কিল-ঘুষি মারতে থাকেন। তাঁর চিৎকার শুনে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসেন তারেক। তারেক ওই সময় তারিকুলকে থামানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে একপর্যায়ে একটি কাঠের টুকরা নিয়ে তারিকুলের মাথায় পরপর দুইবার আঘাত করেন তারেক। সঙ্গে সঙ্গে তারিকুল মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাঁর মাথায় পানি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।  

জানতে চাইলে মামলার বাদী মরিয়ম বেগম বলেন, ‘কী থেকে কী হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। আমার বড় ছেলে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। সে প্রায়ই অসুস্থ আচরণ করত। এসব কারণে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। অন্যদিকে আমার মেজ ছেলেটা পড়ালেখা শেষ করে চাকরি খুঁজছিল। তুচ্ছ ঘটনায় বড় ছেলেকে হারালাম, মেজ ছেলেও পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।’

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, বড় ছেলেকে হত্যার অভিযোগে মেজ ছেলেকে আসামি করে থানায় মামলা করেছেন মরিয়ম। তারিকুলের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটির একমাত্র আসামি পলাতক, তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।