নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স
মেঝেতে চিকিৎসা পেতে দুর্ভোগ
হাসপাতালটিতে দুটি ভবনে ৫০ শয্যা ছিল। ৩১ শয্যার ভবনটি ভেঙে ফেলায় এখন কেবল ১৯ শয্যার ভবনে চলছে পুরো চিকিৎসা কার্যক্রম।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংকট প্রকট আকার ধারণ করেছে। এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার হলেও এখন ১৯ শয্যায় চিকিৎসাসেবা কার্যক্রম চলছে। প্রতিদিন শয্যার কয়েক গুণ রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে। তাঁদের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে। ওয়ার্ডে শয্যা না পেয়ে এভাবে চিকিৎসা নেওয়া রোগীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যার ভবনে কার্যক্রম শুরু হয়। ২০০৭ সালের ডিসেম্বর হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। ২০১০ সালের ৩ আগস্ট ১৯ শয্যার নতুন একটি ভবনের কার্যক্রম শুরু হয়। এই দুটি ভবন মিলিয়ে ৫০ শয্যায় রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। কিন্তু ৩১ শয্যার ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লে ২০২০ সালে সেটি অপসারণ করা হয়। এর পর থেকে কেবল ১৯ শয্যার ভবনে চলছে পুরো স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসা কার্যক্রম।
এ ছাড়া রয়েছে চিকিৎসক–সংকট। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই হাসপাতালে চিকিৎসকের ২১টি পদ রয়েছে। এর মধ্যে ১০টি পদে জনবল নেই। চিকিৎসা কর্মকর্তার ৮টি পদের ২টি পদ শূন্য, জুনিয়র কনসালট্যান্টের ১০টি পদের ৭টি শূন্য এবং ডেন্টাল সার্জনের একটি পদ শূন্য।
হাসপাতালের রেজিস্টার ঘেঁটে দেখা গেছে, গত ফেব্রুয়ারি মাসে জরুরি ও বহির্বিভাগে ৫ হাজার ৭২৫ জন চিকিৎসা নিয়েছেন। ফেব্রুয়ারি মাসে অন্তর্বিভাগে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৩৪৬ জন। গত মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত অন্তর্বিভাগের ১৯ শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৬৮ জন।
ওই দিন সরেজমিনে দেখা গেছে, অন্তর্বিভাগে ভর্তি থাকা ৬৮ জন রোগীর মধ্যে ১৯ জন শয্যা পেয়েছেন। বাকিদের ওয়ার্ডের মেঝে, হাসপাতালের বারান্দা ও ভান্ডারকক্ষের আশপাশে বিছানা পেতে চিকিৎসা নিতে দেখা গেছে।
এ সময় উপজেলার বালিহারী গ্রামের দিনমজুর তুষার হাওলাদার (৩০) বলেন, গত রোববার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। হাসপাতালে কোনো শয্যা খালি না থাকায় মেঝেতে রেখে তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো শয্যা খালি না হওয়ায় মেঝেতে রেখেই চিকিৎসা চলছে।
মেঝেতে রেখে চিকিৎসা নেওয়া এক শিশুর মা বলেন, ‘গত সোমবার আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালের ওয়ার্ডে রোগীতে পরিপূর্ণ থাকায় এক কোনায় মেঝেতে ঠাঁই হয়েছে। প্রচণ্ড গরমে বাচ্চা কষ্ট পাচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স নীলিমা রানী ব্যাপারী বলেন, ‘আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে নেছারাবাদ উপজেলা ছাড়াও আশপাশের উপজেলা নাজিরপুর, কাউখালী ও বরিশালের বানারীপাড়া উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলো থেকে রোগীরা আসেন। প্রতিদিনই শয্যার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি হয়ে থাকেন। সর্বোচ্চ এক দিনে ৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি থাকার রেকর্ড রয়েছে। শয্যাসংখ্যা বাড়ালে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাবেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আসাদুজ্জামান বলেন, শয্যাসংখ্যা বাড়ানোর জন্য হাসপাতালের নতুন ভবন নির্মাণ জরুরি হয়ে পড়েছে। এ ছাড়া হাসপাতালে গত ডিসেম্বরে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করা হয়েছে। অবেদনবিদ (অ্যানেস্থেসিওলজিস্ট) রয়েছে। তবে অ্যানেসথেসিয়া যন্ত্র অকেজো থাকায় প্রসূতির অস্ত্রোপচার কার্যক্রম শুরু করা যাচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজ কবির বলেন, জরুরি ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন। ২০০৯ সালে হাসপাতালে দুটি জেনারেল অ্যানেসথেসিয়া যন্ত্র বরাদ্দ হয়। দীর্ঘদিন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ও অবেদনবিদ না থাকায় যন্ত্র দুটি ব্যবহার করা হয়নি। এ কারণে যন্ত্র দুটি অকেজো হয়ে গেছে। নতুন ভবন নির্মাণ ও অ্যানেসথেসিয়া যন্ত্র মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।