কুমারখালীতে বালুবাহী দুই নৌকার সংঘর্ষ, নিখোঁজ ১
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বালুবাহী দুই নৌকার সংঘর্ষে মো. উবাই সরদার (৪০) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে যান কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিখোঁজ উবাই সরদার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের দশমাইল এলাকার জালাল সরদারের ছেলে। এ ঘটনায় নদী সাঁতরে তীরে ওঠেন ১৭ শ্রমিক।
এলাকাবাসী ও নৌকার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাবনার সুজানগর উপজেলার তারাপুর চর থেকে বালুবাহী দুটি নৌকা পদ্মা নদী দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল ঘাটে যাচ্ছিল। বিকেল চারটার দিকে কুমারখালীর শিলাইদহের কোমরকান্দি এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি নৌকা স্রোতে উল্টে যায়। আর উল্টে যাওয়া নৌকার সঙ্গে পেছনের নৌকার সংঘর্ষ হয়। সংঘর্ষে মাঝিসহ ২ নৌকার ১৮ শ্রমিক পানিতে পড়ে যান এবং নৌকা ২টি স্রোতে ভেসে যায়। পরে নদী সাঁতরে মাঝিসহ ১৭ শ্রমিক তীরে উঠে এলেও উবাই সরদার নামের এক শ্রমিক নিখোঁজ হন।
নৌকার শ্রমিক আলাউদ্দিন বলেন, তারাপুর থেকে বালু নিয়ে তাঁরা বারোমাইলে যাচ্ছিলেন। তাঁদের নৌকায় ছিলেন ১৪ জন। কোমরকান্দি এলাকায় তাঁদের নৌকাটি স্রোতে উল্টে গিয়ে পেছনের নৌকায় ধাক্কা দেয়। এতে সবাই নদীতে পড়ে যান। পরে সবাই তীরে উঠে এলেও উবাই এখনো নিখোঁজ। অন্য নৌকার শ্রমিক আমজাদ আলী বলেন, সামনের নৌকার ধাক্কায় তাঁদের নৌকাটিও ডুবে যায়। তাঁরা চারজন ছিলেন নৌকায়।
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন বলেন, সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে যান। বালুবাহী দুই নৌকার সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। উবাই নামের এক শ্রমিক নিখোঁজ আছেন বলে শ্রমিকেরা জানিয়েছেন। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল জানান, দুর্ঘটনার খবর পেয়েছেন। ফায়ার সার্ভিস কাজ করছে।