মাদারগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাযাত্রী শিশু নিহত

হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ সকালে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেছবি: প্রথম আলো

জামালপুরের মাদারগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এতে শিশুটির মাসহ আহত হয়েছেন তিনজন। আজ মঙ্গলবার সকালে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. জাহিদ (৮)। সে উপজেলার বালিজুড়ী বাজার এলাকার মামুনুর রশিদের ছেলে। শিশুটির মা বীথি আক্তার (৩৫), জোনাইল ফকিরবাড়ি এলাকার ওয়াজেদ ফকিরের স্ত্রী সামিরা বেগম (৪০) ও একই এলাকার মিজানুর রহমানের স্ত্রী সেলিনা আক্তারকে (৩৫) আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, জামালপুর শহর থেকে যাত্রী নিয়ে মাদারগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন সিএনজিচালিত অটোরিকশাটির চালক। ফায়ার সার্ভিস মোড় এলাকা অতিক্রমের সময় অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিশার যাত্রীদের মধ্যে চারজন হতাহত হন।

স্থানীয়দের সহযোগিতায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে শিশু জাহিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশের হেফাজতে আছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।