ঘাটাইলে সড়কে দাঁড় করানো ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়কে দাঁড় করানো একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ব্রাহ্মণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কাশতলা গ্রামের বাসিন্দা শাহজাহান (৬৫) ও হামিদপুর সাহাপাড়া এলাকার বাসিন্দা নেপাল চন্দ্র সাহা (৬২)। তাঁরা উপজেলার আন্দিপুর গ্রাম থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই ওই অটোরিকশার আরোহী ছিলেন।
ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ভোরে উপজেলার আন্দিপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথে ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছালে অটোরিকশাটি সড়কের পাশে দাঁড় করানো একটি ট্রাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহান ও নেপাল নামের দুই ব্যক্তি নিহত হন।
মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।