নবাবগঞ্জে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর ও মারধরের পর তিন ভাইকে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশি অভিযানে ভাঙচুর করা বাড়ির ফটক। এ ছাড়া ঘরের দরজা, জানালা, আসবাবপত্র ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে জামায়াত কর্মী সন্দেহে একজনকে আটক করতে গিয়ে গভীর রাতে বাড়িতে ভাঙচুর ও মারধরের পর তিন ভাইকে আটকের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শাল্টিমুরাদপুর গ্রামে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করেছে থানা-পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন শাল্টিমুরাদপুর গ্রামের হবিবুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (৪৫), হাসানুজ্জামান (৪০) ও কামরুজ্জামান (৩০)। হাসানুজ্জামান ভাদুরিয়া বাজারে স্টেশনারি ও খেলার সামগ্রীর দোকান করেন। তিনি গত সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ভাদুরিয়া বাজারে জামায়াতের একটি মিছিলে গিয়েছিলেন বলে তাঁর পরিবার নিশ্চিত করেছে। কিন্তু তিনি জামায়াতের কোনো পদ-পদবিতে নেই। বাকি দুই ভাইয়ের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। মাহফুজুর একজন কৃষক। কামরুজ্জামান সম্প্রতি একটি বেসরকারি বিদ্যালয়ে সহকারী শিক্ষকের চাকরি পেয়েছেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম ওই তিনজনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাড়িতে ভাঙচুর ও মারধরের অভিযোগ নাকচ করেছেন ওসি।

ওসি বলেন, সহিংসতার উদ্দেশ্যে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আজ শুক্রবার সকালে নবাবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আজ দুপুরে আসামিদের দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাসানুজ্জামানকে না পেয়ে পুলিশ তাঁকে ডেকে আনার জন্য তাঁর স্ত্রী শাকিলা বেগমকে নারী পুলিশ দিয়ে ধরে নিয়ে যাওয়ার ভয় দেখায় এবং হাসানুজ্জামানকে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয়।

আটক ব্যক্তিদের বড় বোন হোসনেআরা প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১টার দিকে একদল পুলিশ স্থানীয় দেড় শ থেকে ২০০ জন যুবককে সঙ্গে নিয়ে তাঁদের বাড়ি ঘেরাও করে। পরে পুলিশ বাড়ির দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। বাকি লোকজন বাইরে থেকে বাড়ি ঘেরাও করেছিলেন। এ সময় পুলিশ ঘর থেকে আমার তিন ভাইকে বের হতে বলে। ‘তোরা জামায়াত-শিবির করিস’ বলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে হাসানুজ্জামান ঘর থেকে বের হলে তাঁকে সেখানে মারধর করে। এ সময় পুলিশ বাড়ির দরজা, জানালা, ঘরের আসবাবপত্র ও মোটরসাইকেল ভাঙচুর করে। হোসনেআরা বাধা দিলে পুলিশ তাঁকে ধাক্কা দেয়। এ সময় হাসানুজ্জামান বাড়ির দেয়াল টপকে পাশে চাচার বাড়িতে পালিয়ে যান। পরে পুলিশ ঘর থেকে মাহফুজুর ও কামরুজ্জামানকে বের করে বাড়ির আঙিনায় দুজনকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। পরে হাসানুজ্জামানকে না পেয়ে পুলিশ তাঁকে ডেকে আনার জন্য তাঁর স্ত্রী শাকিলা বেগমকে নারী পুলিশ দিয়ে ধরে নিয়ে যাওয়ার ভয় দেখায় এবং হাসানুজ্জামানকে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় শাকিলা বেগম মুঠোফোনে কল দিয়ে হাসানুজ্জামানকে বাড়িতে ডেকে আনেন। হাসানুজ্জামান বাড়িতে এলে পুলিশ তাঁকে ধরে বেধড়ক মারপিট করে। পরে তিন ভাইকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে যায়।

হোসনেআরা বলেন, ‘হাসানুজ্জামান গত সপ্তাহে জামায়াতের মিছিলে গেলেও বাকি দুই ভাই রাজনীতির আশপাশে থাকে না। ঘটনার সময় আমি পুলিশকে অনুরোধ করেছি, ছোট ভাই কামরুজ্জামান বাড়িতে থাকে না, সে ঢাকায় থাকে। সে ছুটিতে বাড়িতে এসেছে, তাকে ছেড়ে দেন। সে এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) মাধ্যমে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে চাকরি পেয়েছে। আগামী রোববার সেখানে যোগদান করবে। তবুও পুলিশ আমার কথা না শুনে তাকেও ধরে নিয়ে গেছে।’

বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগের বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা ঘটানোর কোনো সুযোগ নেই। তবে অভিযানের সময় ওই বাড়ির লোকজন বঁটি দিয়ে আঘাত করে পুলিশের কনস্টেবল শামসুজ্জামান ও আনসার সদস্য মনোহর আলীকে আহত করেছেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।