পাথরঘাটায় তিন কেজির ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়
বরগুনার পাথরঘাটা উপজেলার পশ্চিমে সুন্দরবনের কচিখালী এলাকায় বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ওজনের একটি ইলিশ।
এফবি শহিদ নামের একটি মাছ ধরা ট্রলারের জালে ওঠা মাছটি আজ রোববার দুপুরে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে আনা হয়। পরে ইলিশটি ৯ হাজার ৭৭৫ টাকায় কিনে নেন শহিদ মোল্লা নামের এক পাইকারি মৎস্য ব্যবসায়ী।
পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্র সূত্রে জানা গেছে, আজ বেলা একটার দিকে পাথরঘাটা মাছের আড়তে তিন কেজি ওজনের ইলিশটি বিক্রি করতে আনেন এফবি শহিদ ট্রলারের মালিক শহিদুল ইসলাম।
পরে মাছটি ১ লাখ ৩০ হাজার টাকা মণ দরে ৯ হাজার ৭৭৫ টাকায় কিনে নেন পাইকারি মৎস্য ব্যবসায়ী শহিদ মোল্লা।
জানতে চাইলে ট্রলারমালিক শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিন দিন আগে পাথরঘাটা ঘাট থেকে সুন্দরবনের কচিখালী এলাকায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যান তাঁরা। শনিবার রাতে জাল ফেলে আজ ভোরে জাল টানতে থাকেন। এ সময় অন্যান্য মাছের সঙ্গে তিন কেজি ওজনের ইলিশটি ওঠে।
এ বছর একের পর এক নিম্নচাপ আসায় জেলেদের জালে ইলিশ কম ধরা পড়ছে জানিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এর মধ্যেই মাঝেমধ্যে বড় আকারের ইলিশ ধরা পড়ছে।