জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ‘অশালীন নৃত্য-গান’, আক্কেলপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুল আলম (মিঠু) ও সাধারণ সম্পাদক মাহবুর আলমছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে অশালীন নৃত্য-গানসহ আনন্দ উৎসবে অংশ নেওয়ার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ব্যক্তিরা হলেন সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুল আলম (মিঠু) এবং সাধারণ সম্পাদক মাহবুর আলম।

আজ রোববার জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারা দেশে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করা হয়। কিন্তু সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ওই দিন কোনো দলীয় কর্মসূচিতে অংশ নেননি।

এতে আরও বলা হয়, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারীর নাম ব্যবহার করে তাঁরা অশালীন নৃত্য-গানসহ আনন্দ উৎসবে অংশ নেন। এসব কর্মকাণ্ডকে দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী উল্লেখ করে সংগঠনের জন্য ক্ষতিকর বলে অভিহিত করা হয়েছে। এ কারণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্যের জন্য বহিষ্কৃত দুই নেতার মুঠোফোন নম্বরে কল করা হলে তাঁরা সাড়া দেননি।

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রথম আলোকে বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর দিন সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় কর্মসূচিতে অংশ নেননি। উল্টো তাঁরা ওই দিন কনসার্ট করে অশালীন নৃত্য-গানসহ আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন। তাঁরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ও জেলা বিএনপির নেতাদের নাম ভাঙিয়েছেন। এ কারণে জয়পুরহাটের তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।’