সাভারে চাঁদা না পেয়ে ব্যবসায়ী ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলায় ব্যবসায়ী ইউসুফ আলীর ছেলে আবীর হোসেন আহত হয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে চাঁদা না পেয়ে একজন ব্যবসায়ী, তাঁর ছেলেসহ পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ উঠেছে পৌর ছাত্রলীগের সভাপতিসহ ২০ থেকে ২১ জনের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

অভিযোগকারীর নাম ইউসুফ আলী ওরফে চুন্নু (৪৫)। তিনি সাভারের বিসমিল্লাহ ওয়াশ কারখানার স্বত্বাধিকারী এবং সাভারের আনন্দপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন—সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান (২৫)। তিনি সাভারের নামাগেন্ডা এলাকার বাসিন্দা। একই এলাকার আলমগীর হোসেন (৩০), নাদিম দেওয়ান (২৪) ও সজীব, চাপাইন এলাকার সোহেল রানা (৩৩), উলাইল এলাকার টিপু (২৮), কাতলাপুর এলাকার বাবু (২৮), একই এলাকার পলাশ (৩০), মজিদপুর এলাকার পাভেলসহ (৩৫) অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন।

এর আগে গতকাল রাতে ইউসুফ আলী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুই যুবককে আটকে রেখে মারধর এবং পরে তাঁদের উদ্ধার করতে আসা স্বজনদের মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার পাল্টা অভিযোগ করেন মো. আরিফ নামের এক যুবক।

এ অভিযোগের বিষয়ে ব্যবসায়ী ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, ‘তাঁদের হামলার সব ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। আমি অভিযোগ করায় তাঁরা একটি মিথ্যা অভিযোগ করেছেন।’

সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘গতকাল শামীম ও সোহেল রানাকে ইউসুফ আলীসহ বেশ কয়েকজন আটকে রেখে মারধর করছেন, এমন খবর পেয়ে আমাদের কিছু ছেলে সেখানে গিয়েছিল। তখন ইউসুফ আলীসহ অন্যরা উত্তেজিত হয়ে তাদের মারধর করেন। আমি বিষয়টি শুনেছি, তবে ঘটনাস্থলে ছিলাম না। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ জানিয়েছি। পরে তাঁরা উদ্দেশ্যমূলকভাবে আমাদের নামে থানায় অভিযোগ দিয়েছেন।’

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে কেউ আমাকে বিষয়টি জানায়নি। তবে বিভিন্ন মাধ্যমে বিষয়টি জেনেছি। তদন্ত করে ছাত্রলীগের কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ব্যবসায়ী ইউসুফ আলী তাঁর লিখিত অভিযোগে উল্লেখ করেন, এক মাস ধরে তাঁর কারখানায় গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছিলেন অভিযুক্ত ছাত্রলীগের নেতারা। গতকাল বিকেল পাঁচটার দিকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে যান তাঁরা। এ সময় তাঁদের দাবি করা চাঁদা দিতে অস্বীকৃতি জানান ইউসুফ আলী। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন অভিযুক্ত ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ সময় ইউসুফ আলীর স্ত্রী রত্না, ছেলে আবির হোসেন, বড় ভাই মো. নান্নু, ভাতিজা বাহাদুরকে বেধড়ক মারধর করা হয়। পরে নান্নুর পকেটে থাকা ৮৫ হাজার ও প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সে থাকা সাড়ে তিন লাখ টাকা নিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা।

ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, ‘সাভারের আনন্দপুরে আমার একটা পোশাক কারখানা ও একটা মার্কেট রয়েছে। মার্কেটে ফল ও মুরগির আড়ত রয়েছে। এ জন্য রমজান মাসের শুরু থেকে তাঁরা আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মাসুম দেওয়ান, সোহেল রানাসহ ১৮ থেকে ২০ জন যুবক অস্ত্রশস্ত্র নিয়ে মার্কেটে এসে আবারও ১০ লাখ টাকা দাবি করেন। টাকা দেবেন না জানালে আমাকে মারধর করে তাঁদের ব্যবহৃত একটি গাড়িতে তুলে নিয়ে যেতে চান। এ সময় আমি সেখান থেকে ছুটে কারখানায় চলে যাই। পরে তাঁরা দ্বিতীয় দফায় কারখানার ভেতরে গিয়ে আমাকে মারধর করেন। বিষয়টি জানতে পেরে আমার স্ত্রী, ছেলে, বড় ভাই ও ভাতিজা এলে তাঁদেরও মারধর করা হয়। মাসুম দেওয়ান পিস্তলের বাঁট দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করেন। সোহেল রানা ওই সময় বলছিলেন, লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করে আমাকে মেরে ফেলবেন।’

ব্যবসায়ী ইউসুফ আলীর বিরুদ্ধে দেওয়া লিখিত অভিযোগে মো. আরিফ উল্লেখ করেন, গতকাল বিকেল পাঁচটার দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে সাভারের গেন্ডা এনার্জিপ্লাস সিএনজি পাম্পের সামনে পৌঁছালে ইউসুফ আলীসহ ১৬ থেকে ১৭ জন দেশি অস্ত্র দিয়ে তাঁকে ও সঙ্গে থাকা মো. ছামিদকে মারধর করেন। পরে তাঁদের পার্শ্ববর্তী একটি ডাবের গোডাউনে আটকে রাখেন। খবর পেয়ে মো. আরিফের ভাই সোহেল রানা ও মো. শামীম ঘটনাস্থলে এলে তাঁদেরও মারধর করা হয়। এ ছাড়া তাঁরা শামীমের পকেটে থাকা ৫০ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে সেখান থেকে চলে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাতে থানায় ব্যবসায়ী ইউসুফ আলী চাঁদাবাজি ও মারধরের একটি লিখিত অভিযোগ করেছেন। প্রায় কাছাকাছি সময়ে ওই ব্যবসায়ী, তাঁর পরিবারের সদস্যসহ ১৬ থেকে ১৭ জনের বিরুদ্ধে আটকে রেখে মারধরের লিখিত অভিযোগ করেন মো. আরিফ নামের এক ব্যক্তি। আমরা দুটি অভিযোগ তদন্ত করে দেখছি।’