দিনমজুরের কাজ করে জিপিএ–৫ পেয়েছে ইয়াম লিখুজ, কলেজে ভর্তি নিয়ে দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াম লিখুজ
ছবি: সংগৃহীত

ছয় সদস্যের পরিবারের জন্য তিন বেলা খাবার জোগাড়ে হিমশিম খেতে হয় দিনমজুর আবু বক্কর সিদ্দিককে। এ অবস্থায় আবু বক্করের ছোট ছেলে ইয়াম লিখুজের উচ্চশিক্ষার আশা যেন দিবাস্বপ্নের মতো। অন্যের জমিতে দিনমজুরের কাজ করে নিজের পড়ার খরচ চালায় ইয়াম লিখুজ। শত বাধা পেরিয়ে সে এবার এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ–৫ পেয়েছে। রংপুর সরকারি সিটি কলেজে ভর্তির সুযোগও পেয়েছে ইয়াম লিখুজ। তবে কলেজে ভর্তির টাকা ও পড়ার খরচ নিয়ে ইয়াম লিখুজ দুশ্চিন্তায় পড়েছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীঘেঁষা উজিয়াল জুম্মাপাড়া গ্রামে ইয়াম লিখুজের বাড়ি। কাশিয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে সে। তিন ভাইবোনের মধ্যে সবার ছোট সে। তিনজনই পড়াশোনা করে। ইয়াম লিখুজের বাবা আবু বক্কর সিদ্দিকের একার আয়ে পরিবারের ছয় সদস্যের সংসার ঠিকমতো চলে না। সহায়–সম্বল বলতে টিন ও বাঁশের বেড়া দিয়ে ঘেরা দুটি পুরোনো ঘর।

বাবা পড়াশোনার খরচ দিতে পারতেন না বলে পড়াশোনার ফাঁকে অন্যের জমিতে মজুরির কাজ করে লেখাপড়ার খরচ চালিয়েছে লিখুজ। সে বলে, ‘বসতভিটার তিন শতক জমি ছাড়া আমাদের সহায়–সম্বল নেই। বাবা যা আয় করেন, তা দিয়ে চাল–ডাল–তেলই হয় না। অনেক কষ্টে লেখাপড়া করে এত দূর এসেছি। ৮ জানুয়ারির মধ্যে কলেজে ভর্তি হতে হবে। কিন্তু ভর্তি ও লেখাপড়ার খরচ চালানোর সামর্থ্য আমার বাবার নেই। কীভাবে ভর্তি হব? কী করব ভেবে পাচ্ছি না। খুব দুশ্চিন্তায় আছি।’

ইয়াম লিখুজের মা আনিছা বেগম বলেন, ‘ছাওয়াটাক দুই বেলা পেট ভরে খিলানো পাও না। ওক ভালো কলেজোত ভর্তি করাইম কেমন করি। শোনোছু শহরের কলেজোত চান্স পাইছে। কিন্তু ওর বাপের তো টাকা নাই ওটে পড়ার। কয়দিন থাকি ছাওয়াটা মনমরা হয়া ঘুরি বেড়াওছে।’

কাশিয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, ‘ছেলেটি অত্যন্ত দরিদ্র পরিবারের। তার কাছ থেকে স্কুলের বেতন নেওয়া হয়নি। সে আমাদের মুখ উজ্জ্বল করেছে। একটু সহযোগিতা পেলে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে।’