একাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় রচনা ও চিত্রকর্ম আহ্বান
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী স্মরণে ‘একাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২৫’–এর আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে চিত্রাঙ্কন ও লেখা পাঠাতে হবে।
প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম ১০ জনকে সার্টিফিকেট, বই ও ক্রেস্ট প্রদান করা হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বই, বিশেষ ক্রেস্ট ও সার্টিফিকেট এবং প্রথম স্থান অধিকারীকে ‘ত্বকী পদক ২০২৫’ প্রদান করা হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০টি লেখা ও চিত্রকর্ম নিয়ে আকর্ষণীয় স্মারক ‘ত্বকী’ প্রকাশিত হবে।
আজ বুধবার দুপুরে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রচনা প্রতিযোগিতায় পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগের জন্য ‘স্বপ্নের স্বদেশ’ (৩০০ শব্দের মধ্যে), অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগের জন্য ‘জুলাই ছাত্র গণ–অভ্যুত্থান’ (৬০০ শব্দের মধ্যে), কলেজ ও বিশ্ববিদ্যালয় ‘গ’ বিভাগের জন্য ‘ত্বকীকে নিয়ে একটি রচনা’ (১ হাজার ৫০০ শব্দের মধ্যে) শিরোনামে রচনা লিখতে হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগ ও চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগের বিষয় উন্মুক্ত। সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগের বিষয় ‘ত্বকীর একটি ছবি আঁক’। চিত্রাঙ্কনের মাধ্যম উন্মুক্ত। কার্টিজ পেপারের চার ভাগের এক ভাগ (১০*১৫ ইঞ্চি) আকারের কাগজে ছবি আঁকতে হবে।
লেখা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠানোর শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৫। স্পষ্ট অক্ষরে খামের ওপর নাম, ঠিকানা, শ্রেণি ও ফোন নম্বর লিখে এর সঙ্গে এক কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করে পাঠাতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগীদের ছবির পেছনে সুস্পষ্টভাবে ইংরেজিতে নিজের নাম লিখতে হবে।
লেখা ও চিত্রকর্ম পাঠানোর ঠিকানা: একাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২৫, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, ২৭ এস কে রোড, নারায়ণগঞ্জ। মুঠোফোন: ০১৭১১৬৯৩৭৫৭, ০১৪০৮৭০৭৭৬৭। ই–মেইল: [email protected]