জামালপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, কথিত প্রেমিকের বাবা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

জামালপুর সদর উপজেলায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার দিগপাইত ইউনিয়নের ডোয়াইলপাড়া এলাকা থেকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই নারীর কথিত প্রেমিকের বাবাকে আটক করেছে পুলিশ।

ওই নারীর বাড়ি সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নে। তাঁর কথিত প্রেমিক ডোয়াইলপাড়া এলাকার বাসিন্দা। তিনি পলাতক।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। গতকাল শনিবার বিকেলে ওই নারী প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠেন। তবে ওই ব্যক্তির স্বজনেরা তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। আজ সকালে স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তির বাড়ির সামনের একটি গাছে ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ আজ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যে নিহত নারীর মা থানায় একটি মামলা করেছেন।