মুন্সিগঞ্জে শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ
মুন্সিগঞ্জ সদর উপজেলায় আবু বক্কর সিদ্দিক (৭) নামের প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গোসাইবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আবু বক্কর সিদ্দিক গোসাইবাগ এলাকার শুক্কুর ভূঁইয়ার ছেলে। সে মুক্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রোববার বিকেলে গোসাইপুর এলাকার এক কিশোরের (১৭) সঙ্গে ফুটবল খেলছিল আবু বক্কর। খেলা শেষে ওই কিশোর পুকুরের পানিতে গোসল করতে নামে। আবু বক্কর সাঁতার না জানায় পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই কিশোরের বিরুদ্ধে আবু বক্করকে পুকুরের পানিতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। পুকুরের পানিতে তলিয়ে যায় আবু বক্কর। স্থানীয় লোকজন উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর দাদা আনোয়ার ভূঁইয়া অভিযোগ করে বলেন, ‘আমার ছোট নাতিটা সাঁতার জানত না। এটা জানার পরও ওই কিশোর তাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে আমার নাতিকে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই।’ তবে অভিযুক্ত কিশোরের মামা প্রথম আলোকে বলেন, ‘খেলার ছলে আমার ভাগনে তাকে পানিতে ফেলে দেয়। সে জানত না, আবু বক্কর সাঁতার জানে না।’
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান প্রথম আলোকে বলেন, ঘটনার পর অভিযুক্ত কিশোর পলাতক। তাকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।