জলাশয় থেকে মাছ লুটের অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলার মানচিত্র

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে জলাশয় থেকে জালসহ মাছ লুটের অভিযোগ উঠেছে। পাশাপাশি তিনি হাওরের চারটি ফসল রক্ষা বাঁধের কিছু অংশ কেটে দিয়ে সেখানে লোকজন দিয়ে মাছ শিকার করে আসছেন বলেও দাবি করেছেন উপজেলা শ্রমিক লীগের এক নেতা।

স্বেচ্ছাসেবক লীগের ওই নেতার নাম তরিকুল ইসলাম ওরফে পলাশ। তিনি ধর্মপাশা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের প্রস্তুতি কমিটির সদস্যসচিব। জলাশয় থেকে মাছ লুট ও ফসল রক্ষা বাঁধ কাটার অভিযোগে আজ শুক্রবার দুপুরে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা, সাবেক ইউপি সদস্য ও উপজেলা শ্রমিক লীগ কমিটির সদস্য কামাল হোসেন। খাস কালেকশনের মাধ্যমে ওই জলাশয়ের মালিকানায় রয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামাল হোসেন জানান, উপজেলার রাজাপুর মৌজার সেলিম খালীর খাল ও শালকুমড়ার কাড়া নামের ৮ একর ১৩ শতক জলাশয়টি খাস কালেকশনের মাধ্যমে গত ৮ আগস্ট তিনি ইজারা পান। জলাশয়টিতে বাঁশ, গাছের ডালপালা ফেলে ও পাহারাদার নিয়োজিত করে সেখানে মাছ সংরক্ষণ করে আসছিলেন কামাল হোসেন। মাঘ মাসের দিকে ওই জলাশয় থেকে মাছ ধরার কথা। এর মধ্যে নানা কারণ দেখিয়ে খাস কালেকশনটি বাতিল করে জলাশয় থেকে কামাল হোসনকে তুলে দেয় উপজেলা প্রশাসন। এর প্রতিবাদে ওই শ্রমিক লীগ নেতা গত ১৩ সেপ্টেম্বর উচ্চ আদালতে একটি মামলা করেন। পরে ২৭ সেপ্টেম্বর উচ্চ আদালত তাঁর পক্ষে রায় দেন। আদালতের রায় পেয়ে জলাশয়টিতে পুনরায় দখলে যান কামাল হোসেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ওই জলাশয়ে উপজেলার সদর ইউনিয়নের দেওলা গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব তরিকুল ইসলাম ৫ অক্টোবর বিকেলে ২০–২৫ জন লোক নিয়ে সেলিম খালীর খাল ও শালকুমড়ার কাড়া জলাশয়টিতে যান। এ সময় তাঁরা ওই জলাশয় থেকে মাছ শিকারের জন্য পেতে রাখা একটি বড় জাল ও জালে থাকা মাছ নিয়ে আসেন। শুধু তা–ই নয়, তাঁরা জলাশয়ে থাকা বাঁশ ও ডালপালা তুলে নিয়ে জলাশয়টির ক্ষতি সাধন করেন। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কামাল হোসেনের।

তরিকুল ইসলাম মাসখানেক ধরে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন উপজেলার চন্দ্র সোনার থাল হাওরের চারটি ফসল রক্ষা বাঁধের কিছু অংশ কেটে দিয়ে সেখানে লোকজন নিয়োজিত করে অবৈধভাবে ভিম জাল পেতে মাছ শিকার করে আসছেন বলে জানান কামাল হোসেন। বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন, ‘ঘটনাটি  ইউএনও স্যার এবং ওসি স্যারকে মুঠোফোনে জানিয়েছি। তরিকুল ইসলাম ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই কাজ করেছেন।’

তবে এসব অভিযোগের সঙ্গে একমত নন তরিকুল ইসলাম। তিনি বলেন বলেন, ‘এতে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। কামাল হোসেন নিজে লোকজন দিয়ে ফসল রক্ষা বাঁধ কেটে জাল পেতে মাছ শিকার করে আসছেন। এর প্রতিবাদ করায় প্রতিহিংসাপরায়ণ হয়ে তিনি আমাকে বিপাকে ফেলার জন্য মিথ্যা অপবাদ রটাচ্ছেন।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনাটি সাবেক ওই ইউপি সদস্য কামাল হোসেন মুঠোফোনে তাঁকে জানিয়েছেন। তবে কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। ইউএনও মুনতাসির হাসান বলেছেন, সরকারি সম্পদ যাঁরাই বিনষ্ট করুন না কেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।