টিউশন শেষে মোটরসাইকেলে ফিরছিল তিন কিশোর সহপাঠী, খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় টিউশন থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের আরেক সহপাঠী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আজ শনিবার সকাল ৯টার দিকে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মাদ্রাসা মোড় থেকে কিশোরীনগরগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরেরা হলো দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী (১৪) ও আমিনুল ইসলামের ছেলে সাহাবী (১৪)। তারা দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত সাইফ আলী (১৪) একই এলাকার জিয়ার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে বাড়ি ফেরার পথে দৌলতখালী গ্রামের হাজীপাড়া এলাকায় মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।

এতে তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রহমত ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।