আশ্রয়শিবিরে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল দুই অটোরিকশা, রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৮) দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. হাশিম (৩৪) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮ জন যাত্রী। সংঘর্ষে অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায়।

আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে আশ্রয়শিবিরের এফ-৩০ ব্লকের তিন রাস্তার মাথা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত মো. হাশিম আশ্রয়শিবিরের এইচ-৭৫ ব্লকের বাসিন্দা নুরুল আলমের ছেলে।

আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা কামাল হোসেন বলেন, শিবিরের অভ্যন্তরে রোহিঙ্গাদের যাতায়াতে এক হাজারের বেশি সিএনজি ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করে। সকাল সাড়ে আটটার দিকে ১৮ নম্বর ক্যাম্পের তিন রাস্তার মাথা সড়কে যাত্রীবাহী দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অন্তত ৯ জন রোহিঙ্গা যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে আশ্রয়শিবিরের অভ্যন্তরে এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক মো. হাশিমকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রোহিঙ্গা যুবক হাশিমের মৃত্যু হয়েছে। বিকেলে পরিবারের সিদ্ধান্তে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।