নাশকতার মামলার আসামি ভেবে আটক, আ.লীগ নেতার ফোনে মুক্তি
বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলার আসামি ভেবে গাজীপুরের শ্রীপুরে এক ব৵ক্তিকে আটকের পর স্থানীয় আওয়ামী লীগের নেতার ফোনে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে ঘটনাটি ঘটে। ওই ব্যক্তির নাম নাসিম মণ্ডল। পুলিশ বলছে, ভুল তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছিল। পরে রাতেই তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৯ অক্টোবর মামলাটি করেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহবুব হাসান। এতে আসামির তালিকায় স্থানীয় বিএনপির ২৩ নেতা–কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০ থেকে ৪০ জনকে। মামলায় মাহবুব হাসান ও তাঁর এক বন্ধুর ওপর হামলা, মারধর এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এই মামলার আসামি ভেবে শ্রীপুর পৌর এলাকা থেকে আটক করা হয় নাসিম মণ্ডলকে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভুল তথ্যের ভিত্তিতে নাসিম মণ্ডলকে আটক করা হয়েছিল। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের সুপারিশে ওই ব্যক্তির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘পুলিশকে বলেছি, নাসিম মণ্ডল বিএনপি, ছাত্রদল বা যুবদলের কোনো কমিটিতে কোনো দিন কোনো পদে ছিলেন না; বরং তিনি আওয়ামী পরিবারের সন্তান। তাঁর বড় ভাই ও অন্য আত্মীয়স্বজন আমাদের সঙ্গে রাজনীতি করেন। নাসিম মণ্ডল শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিসে চাকরি করেন। অহেতুক কেউ হয়রানির শিকার হোক, এটা আমরা চাই না। শ্রীপুরে অহেতুক কেউ হয়রানির শিকার হবে না। বিশৃঙ্খলার সঙ্গে যাঁরা জড়িত, তাদের গ্রেপ্তার করা হোক।’
এ বিষয়ে বক্তব্য জানতে নাসিম মণ্ডলের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তবে নাসিম একসময় ছাত্রদলের কর্মী ছিলেন জানিয়ে শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম বলেন, ছাত্রদল করলেও তিনি কোনো পদে ছিলেন না। এ ছাড়া বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের মামলার আসামিও ছিলেন না।