আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে মাদ্রাসায় তালা, ১৩০ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের হাঁসমারী দারুল উলুম এবতেদায়ি মাদ্রাসার শ্রেণিকক্ষ ও কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তোলা ছবি
প্রথম আলো

নাটোরের গুরুদাসপুরে আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে একটি এবতেদায়ি মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছেন একপক্ষের লোকজন। ফলে ১১ জুন অনুষ্ঠেয় ওই মাদ্রাসার ১৩০ শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। উপজেলার মশিন্দা ইউনিয়নের হাঁসমারী দারুল উলুম স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, বিধি অনুযায়ী মাদ্রাসা কমিটির সভাপতি পদ পাওয়ার পর থেকেই প্রতিপক্ষ আশরাফুল ইসলাম, মনিরুল ইসলাম, আবদুস সালাম, জাহিদুল ইসলাম, আজিমুদ্দিন ও আবদুল মান্নানের নেতৃত্ব ১৫-২০ জন মাদ্রাসা দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এর আগে গত ১৫ মার্চ অভিযুক্ত ব্যক্তিরা মাদ্রাসার আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে সভাপতি সাইফুল ইসলামের ভাই লুৎফর রহমানকে মারপিট করে হত্যাচেষ্টা চালান। এ ঘটনায় আহত লুৎফর রহমানের ছেলে নয়ন পারভেজ বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা করেছিলেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির ছেলের ওপর হামলার অভিযোগে হওয়া মামলায় প্রতিপক্ষ আশরাফুল ইসলাম, মনিরুল ইসলাম, আবদুস সালাম, জাহিদুল ইসলাম, আজিমুদ্দিন, আবদুল মান্নানসহ ২০ জনকে আসামি করা হয়েছিল। তবে আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে এসে তাঁরা মামলা তুলে নেওয়ার জন্য মাদ্রাসার সভাপতি সাইফুল ইসলাম, মামলার বাদী নয়ন পারভেজসহ তাঁদের পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখানোসহ জমি চাষে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, মাদ্রাসার উন্নয়নে তাঁদের পরিবারের পক্ষ থেকে ১৬ শতক জায়গাসহ ২ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি ফোরকানিয়া মাদ্রাসা হিসেবে যাত্রা শুরু হয়েছিল। পরে সেখানে এবতেদায়ি পর্যায়ের শিক্ষা চালু হয়। ১৯৮৫ সালে তা পাঠদানের অনুমোদন পায়। এবতেদায়ি শাখায় ১৩০ শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষার্থীরা উপবৃত্তি সুবিধাও পাচ্ছে।

মাদ্রাসার শিক্ষকেরা অভিযোগ করে বলেন, মাদ্রাসায় আধিপত্য নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। সর্বশেষ গত সোমবার সকাল থেকে মাদ্রাসার তিনটি শ্রেণিকক্ষ ও কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার কারণে ১১ জুন অনুষ্ঠেয় পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে অভিভাবকেরা হতাশ হয়ে পড়েছেন।

মাদ্রাসায় তালা ঝুলানো এবং মামলা তুলে নেওয়ার জন্য প্রতিপক্ষদের ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে আশরাফুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মাদ্রাসার তালা নষ্ট হয়ে যাওয়ায় নতুন তালা ঝুলিয়ে দিয়েছেন তাঁরা। এ ছাড়া প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে তাঁরাও একটি মামলা করেছেন। দুটি মামলাই আদালতে বিচারাধীন।