অস্ত্র হাতে চলাফেরা করার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে অস্ত্র হাতে চলাফেরা করার অভিযোগে শওকত আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। আজ বুধবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলীর চারাবটতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড-সংযুক্ত টাস্কফোর্সের মেজর আবু শাকের ভূঁইয়ার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে শওকত আলীকে গ্রেপ্তার করা হয় বলে সেনাবাহিনীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্রসহ শওকত আলীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তিনি বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেন। বালুমহালে অবৈধ অস্ত্রের মাধ্যমে আধিপত্য বিস্তারের জন্য তিনি টাকার বিনিময়ে কাজ করতেন এবং নিয়মিত চাঁদা আদায় করতেন।
এ ছাড়া পার্শ্ববর্তী রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা এনে বিক্রির সঙ্গে শওকত আলীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সীমান্ত এলাকার সন্ত্রাসীদের সঙ্গেও তাঁর নিয়মিত যোগাযোগ ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গ্রেপ্তারের পর অস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। শওকত আলীর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় দুটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সংশোধনী: ৭ জানুয়ারি, ২০২৬ রাত ৯টা ১০ মিনিটে এই প্রতিবেদন প্রকাশের সময় যৌথবাহিনীর সরবরাহ করা অস্ত্রহাতে শওকত আলীর ছবি যুক্ত করা হয়েছিল। পরে ফ্যাক্ট চেকে দেখা যায়, ভিন্ন ছবি সম্পাদনা করে আগ্নেয়াস্ত্রটি যুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ১৪ জানুয়ারি বেলা ১১টা ৫০ মিনিটে প্রতিবেদন থেকে ছবিটি অপসারণ এবং শিরোনাম সম্পাদনা করা হয়। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য দুঃখিত।