শ্রমিকের জীবন
‘মজুরির টাকায় জীবন চলে না, মাছ কিনমু কী দিয়া’
শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দরের শ্রমিকেরা খুব কষ্টে আছেন। মজুরির টাকায় তাঁরা আর এখন চলতে পারছেন না।
শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দরের নারী শ্রমিক শাহানাজ বেগমের (৪৮) সঙ্গে উপজেলার ঘাকপাড়া গ্রামের জামাল উদ্দিনের বিয়ে হয় ২০ বছর আগে। তাঁদের সংসারে সাত ছেলেমেয়ে। বাড়িভিটা বলতে স্বামীর দুই শতক জমিতে একটি ঘর। অভাবের সংসারে জামাল রাজধানীতে শ্রমিকের কাজ করেন। শাহনাজ বন্দরে পাথর ভাঙার কাজ করেন।
শাহানাজ ৮ ঘণ্টা কাজ করে মজুরি পান ৩০০ টাকা। জামাল ১০ দিন পর পর ১ হাজার করে টাকা পাঠান। বড় মেয়ের বিয়ে হওয়ায় এখন সংসারে ছোট ছোট তিন ছেলে ও তিন মেয়ে নিয়ে কষ্ট করে দিন চলে তাঁদের।
শাহানাজ বলেন, ‘২ কেজি আলুর দাম ৬০ টেহা ও ২ কেজি পিয়াজ ৮০ টেহা। মাছ তো কিনবারি পাই না। আর ইলিশ মাছ ২০ বছর আগে বাপের বাড়িত থাকতে খাইছিলাম। ছেলেমেয়েদের লইয়া বেগুন–আলু শুঁটকি মাছ দিয়া প্রতিদিন রাইন্দা খাওয়াই। দিনে আড়াই কেজি চাল লাগে। চাল কিনতেই দাম পড়ে ১৫০ টেহা, বাকি টেহায় শুঁটকি, আলু, বেগুন, লবণ মরিচ ও তেল কিনতেই শেষ অইয়া যায়। তাহলে মাছ কিনমু কী দিয়া। সব কিছুরি দাম বেশি, যদি আমগর মজুরি বাড়ানো অইতো তাহলে পুলাপুরি লইয়া চলুন যাইতো।’ এ সমস্যা শুধু শাহনাজের একার নয়, তাঁর মতো বন্দরে কাজ করা প্রায় তিন হাজার শ্রমিকের পরিবারের।
নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, এ বন্দরে আমদানি-রপ্তানিকারক সমিতির অন্তর্ভুক্ত ব্যবসায়ী রয়েছেন ২৫০ জন। তবে ভারত থেকে পাথর আমদানি করেন দেড় শতাধিক ব্যবসায়ী। ডলারের দাম বেড়ে যাওয়ায় পাথর আমদানিতেও কিছুটা স্থবিরতা এসেছে। বন্দরে পাথর ভাঙতে শ্রমিক রয়েছেন তিন হাজার। দিনে ৮ ঘণ্টা পাথর ভেঙে একজন শ্রমিক মজুরি পান ৩০০ টাকা। কিন্তু দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় শ্রমিকেরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।
কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, এক কেজি চাল কিনতে হয় ৫০ থেকে ৫৫ টাকায়। এক কেজি আলুর দাম পড়ে ২০ টাকা। এক কেজি পেঁয়াজ কিনতে হয় ৪০ টাকায়। এক কেজি ডাল ১২০ টাকা। এক লিটার তেল কিনতে হয় ২০০ টাকায়। লবণ, মরিচ, রসুন তো আছেই। এক কেজি পাঙাশের দাম পড়ে ১৫০ টাকা। ৩০০ টাকার মজুরিতে চাল-ডাল ছাড়া কোনো কিছুই কেনার উপায় নেই। ব্যবসায়ীরা যদি দ্রব্যমূল্যের বিবেচনায় মজুরি বৃদ্ধি করতেন, তাহলে এই অসহায় শ্রমিকদের ছেলেমেয়ে নিয়ে দুবেলা ভাত খাওয়ার ব্যবস্থা হতো।
নারী শ্রমিক সাদেজা বেগম বলেন, ‘কাঠফাডা রইদের মধ্যে আমগর কাম করুন লাগে। অসুখ–বিসুখ থাকলে তো কামে আইবার পাই না। তখন ঋণ কইরা চলুন লাগে। যে টেহা মজুরি পাই, তা দিয়া ঠিকমতো বাজারসদাই করুন যাই না। সব জিনিসের দাম চড়া। তাহলে গরিব মানুষ কেমনে বাঁচবো। মজুরি আরেকটু বাড়াইয়া দিলে আমগর বিরাট উপকার অইতো।’
নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া বলেন, দ্রব্যমূল্যের বিবেচনায় মজুরি বাড়ানো হলে শ্রমিকেরা উপকৃত হবেন।
নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যতটা সম্ভব মজুরি বৃদ্ধি করা যায়, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’