মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবির সদস্য নিহত
ফেনীতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ট্রাকচাপায় মোহাম্মদ আলমগীর (৪৬) নামের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সেনাসদস্য নিহত হন। এ সময় ট্রাক খাদে পড়ে চালক আহত হন। গতকাল শনিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর স্টার লাইন ফুয়েল পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলমগীর নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শান্তিবাগ ইউনিয়নের মনাটিয়া গ্রামের নুরুদ্দীন আহমেদের ছেলে। তিনি এসআরবি-৭ ফেনী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার (ডিএডি) ছিলেন। মোহাম্মদ আলমগীর সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবিতে আসেন।
আহত ট্রাকচালকের নাম মোহাম্মদ সজীব (৪৫)। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শ্যামপুর এলাকার সালাম গাজীর ছেলে।
এসআরবি ফেনী ক্যাম্প সূত্র জানায়, মাদক পাচারের তথ্য পেয়ে গতকাল রাত সাড়ে ১২টার দিকে এসআরবি ফেনী ক্যাম্পের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর স্টারলাইন ফুয়েল পাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে। এ সময় একটি দ্রুতগতির ট্রাক গতি না কমিয়ে চেকপোস্টে থাকা অপর একটি কাভার্ড ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়ক থেকে অল্প দূরে দাঁড়ানো এসআরবি-৭ ফেনী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় চালক মোহাম্মদ সজীবও গুরুতর আহত হন। আহত দুজনকে দ্রুত উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। ট্রাকের চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এসআরবি-৭–এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ট্রাকচাপায় এসআরবি ফেনী ক্যাম্পের সদস্য মোহাম্মদ আলমগীর নিহত হন। দুর্ঘটনার পর ট্রাক ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আজ রোববার দুপুরে নিহত আলমগীরের মরদেহ এসআরবি ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।