আট মাস আগের দাবিগুলো স্মরণ করিয়ে দিলেন একদল শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেন কয়েকজন শিক্ষার্থী
ছবি: প্রথম আলো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণসহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের আট মাস পর নিজেদের দাবিগুলো স্মরণ করিয়ে দিতে সংবাদ সম্মেলন করেছেন একদল শিক্ষার্থী।

রোববার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ সংবাদ সম্মেলন করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাইমিনুল বাশার। আন্দোলনের সময় ছররা গুলিতে আহত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অজয় কুণ্ডুসহ আরও কয়েকজন শিক্ষার্থী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এর আগে ১১ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন অজয় কুণ্ডু।

সংবাদ সম্মেলনে মুহাইমিনুল বাশার বলেন, ‘আট মাস আগে ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের প্রত্যক্ষ মদদে পুলিশের হামলার ঘটনা ঘটে। হামলায় আহত অনেক শিক্ষার্থী এখনো সেই দিনের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। গত ১৬ জানুয়ারির নারকীয় হামলার পরপরই শিক্ষার্থীরা ঘটনার মূল কুশীলব উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। লাগাতার আন্দোলন ও আমরণ অনশনের একপর্যায়ে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমিন হক আমাদের মাঝে আসেন। তাঁরা বলেছিলেন, সরকারের ওপর মহলের অনুরোধে তাঁরা এসেছেন। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছিলেন তাঁরা। তাঁদের কথায় আস্থা রেখে ১৬৩ ঘণ্টা ধরে অনশনে থাকা ২৭ জন শিক্ষার্থী অনশন ভাঙেন। এর ধারাবাহিকতায় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য সিলেটে আসেন। শিক্ষার্থীরা তাঁদের পাঁচটি দাবি ও দেশের সব বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের বিষয়ে আট দফা প্রস্তাবনা দেন। আলোচনা শেষে শিক্ষামন্ত্রী তাঁর এখতিয়ারভুক্ত দাবি ও প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। তাঁর এখতিয়ারভুক্ত নয়, এমন দাবিগুলোর বিষয়ে সরকারের উচ্চমহলকে অবহিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন শিক্ষামন্ত্রী।’

আট মাসের বেশি সময় অতিবাহিত হলেও দাবিগুলোর অধিকাংশই বাস্তবায়িত হয়নি দাবি করে মুহাইমিনুল বাশার বলেন, ‘আমাদের প্রথম এবং প্রধান দাবি ছিল দ্রুততম সময়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে অপসারণ করে একজন গবেষণামনস্ক ও অবিতর্কিত ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া। শিক্ষামন্ত্রী এ বিষয়ে বলেছিলেন, উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ আচার্যের কাছে উপস্থাপন করা হবে। আচার্য এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু এত দিন পরও শিক্ষার্থীদের ওপর হামলার মূল হোতা ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বহাল আছেন।

আরও পড়ুন

শিক্ষার্থীদের অপর একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করার। কিন্তু মামলাগুলো প্রত্যাহার হয়নি। ১৬ জানুয়ারির হামলার সবচেয়ে বড় ভুক্তভোগী সজল কুণ্ডুকে সে সময় অন্তত নবম গ্রেডের একটি চাকরি ও নগদ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনো শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুত ক্ষতিপূরণ বা চাকরি পাননি সজল। উল্টো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি যে ক্যাফেটেরিয়া চালাতেন, সেটিও কেড়ে নেওয়া হয়েছে। সজলের সামনে নতুন আতঙ্ক হয়ে এসেছে চরম অর্থসংকট।’

সংবাদ সম্মেলনে বলা হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রথম কিছুদিন সরকারিভাবে সজলের নিয়মিত চেকআপের ব্যবস্থা করা হলেও তিন মাস ধরে তা–ও বন্ধ। এ ব্যাপারে বারবার অবহিত করার পরও সরকার বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়া হচ্ছে না। এ অবস্থায় সজল একাই উদ্যোগী হয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নামে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতিগুলো অবিলম্বে বাস্তবায়ন, অন্যায়ভাবে কেড়ে নেওয়া তাঁর ক্যাফেটেরিয়া ফিরিয়ে দেওয়ার দাবিতে ১১ দিন ধরে ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করেন।

মুহাইমিনুল বাশার বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা সজলের দাবিগুলোর সঙ্গে সংহতি ও একাত্মতা প্রকাশ করছি।’

গত ১৩ জানুয়ারি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন কয়েক শ ছাত্রী। ১৬ জানুয়ারি দাবি আদায়ের লক্ষ্যে উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে এই আন্দোলন উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। ১৯ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দাবি আদায়ের লক্ষ্যে অনশন পালন করেন ২৭ শিক্ষার্থী। ২৫ জানুয়ারি শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক জাফর ইকবাল ও তাঁর স্ত্রী ইয়াসমিন হক গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অনশন ভাঙেন।