ইসলামপুর পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ কাউন্সিলরদের
জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র মো. আবদুল কাদের সেখের বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাৎ, স্বজনপ্রীতি, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভাটির ১০ কাউন্সিলর। আজ রোববার দুপুর ১২টার দিকে ইসলামপুর পৌর শহরের বটতলা মোড়ে এ সংবাদ সম্মেলন করেন তাঁরা।
অভিযুক্ত মেয়র মো.আবদুল কাদের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ২০১১ সাল থেকে মেয়রের দায়িত্ব পালন করছেন। টানা তৃতীয়বারের মতো তিনি মেয়র হয়েছেন। ফলে পৌরসভায় তাঁর একক আধিপত্য রয়েছে বলে অভিযোগ কাউন্সিলরদের।
সংবাদ সম্মেলনে কাউন্সিলররা লিখিত বক্তব্যে বলেন, মেয়র মো. আবদুল কাদের স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার করে তাঁর ভাগনেসহ ৩২ জনকে পৌরসভায় বিভিন্ন পদে চাকরি দিয়েছেন। তিনি নিয়ম-নীতির তোয়াক্কা না করে পৌর এলাকার বিভিন্ন উন্নয়নকাজ করেন। ইসলামপুর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) পাট বাঁধাইয়ের প্রেস, বড় বড় গাছ, গুদামঘরের টিন, কাঠসহ বিভিন্ন মালামাল আত্মসাৎ করেছেন। ওই পাটকলের জমি দখল করে অস্থায়ী দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে প্রতি মাসে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করছেন। তিনি মাস্টার রোলের কর্মচারী মো. রাসেলের নামে পৌরসভার ঠিকাদারি কাজের লাইসেন্স দিয়েছেন, যা সম্পূর্ণ আইনপরিপন্থী। ওই লাইসেন্স ব্যবহার করে মূলত মেয়র নিজেই পৌরসভার ঠিকাদারি করেন। প্রতি মাসে পৌর পরিষদের সভা হওয়ার কথা থাকলেও হয় না। সাত দিন আগে কোনো নোটিশ না দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিদর্শককে দিয়ে ফোনে ডেকে নিয়ে নোটিশ খাতায় ও রেজল্যুশনের খাতায় কাউন্সিলরদের সই নেওয়া হয়। মেয়র ইচ্ছেমতো রেজল্যুশন লেখেন। কাউন্সিলররা চাইলেও ওই রেজল্যুশনের কপি তাঁদের দেন না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ নম্বর ওয়ার্ডের পাটনি পাড়া ব্রিজপাড়া থেকে ৮ নম্বর ওয়ার্ড মোশারফগঞ্জ বাজার পর্যন্ত সড়কবাতির জন্য ঠিকাদারের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে সম্পূর্ণ বিল পরিশোধ করেছেন মেয়র। ৭ নম্বর ওয়ার্ডের মো. লুৎফর রহমানের বাড়ি থেকে সুরুজ মিস্ত্রির বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তার কাজ প্রাক্কলন অনুযায়ী হয়নি। অথচ জামানতসহ পুরো বিল পরিশোধ করা হয়েছে। ৬ নম্বর ওয়ার্ডের (ধর্মকুড়া বাজার) তাছিজল মাস্টারের বাসা থেকে বেলালের বাড়ি পর্যন্ত ড্রেনের কাজ প্রাক্কলন অনুযায়ী হয়নি। ১ নম্বর ওয়ার্ডের মজিবর রহমানের বাড়ি থেকে মো. সুরুজের বাড়ি পর্যন্ত এবং ৫ নম্বর ওয়ার্ডের ভেঙ্গুড়ার বীর মুক্তিযোদ্ধা তাহেরের বাড়ি থেকে দক্ষিণ ভেঙ্গুড়ার মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত ড্রেনের কাজে হয়েছে অনিয়ম। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হলেই সত্যতা অবশ্যই পাওয়া যাবে।
গত বছরের ১৭ নভেম্বরে এসব অভিযোগে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বরাবর আবেদন করেছিলেন কাউন্সিলররা। একই অভিযোগে মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবসংবলিত অপসারণের আবেদনপত্র ২৭ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেন তাঁরা।
এ বিষয়ে জানার জন্য মেয়র আবদুল কাদেরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।