হাসপাতালের শয্যায় নিস্তেজ বৃদ্ধা, আপনজনের খোঁজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ দিন ধরে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাশায়ী আছেন অজ্ঞাতপরিচয় এই বৃদ্ধা
ছবি: প্রথম আলো

হাসপাতালের শয্যায় নিস্তেজ অবস্থায় পড়ে আছেন এক বৃদ্ধা (৬৬)। মাঝেমধ্যে চোখ মেলে তাকালেও কিছু বলতে পারছেন না। উঠেও দাঁড়াতে পারছেন না। এভাবে ১৪ দিন ধরে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাশায়ী তিনি। অজ্ঞাতনামা এই বৃদ্ধাকে নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ। উন্নত চিকিৎসা, আর কিছু স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হলেও অভিভাবকের অভাবে তা সম্ভব হচ্ছে না।

উপজেলার গণিপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ জামাল উদ্দিন জানান, তিনি গত ২৫ মার্চ রাতে এই বৃদ্ধাকে হাসনিপুর এলাকার ইউনিয়ন পরিষদের ভেতর থেকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তখন থেকে বৃদ্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই আছেন। তাঁর ভাষ্য, ওই রাতে শহীদ মিনারে ফুল দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় পরিষদের বারান্দায় এই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন। মাঝেমধ্যে কাতরানোর পর আবার অচেতন হয়ে পড়ছিলেন। কাছে গিয়ে কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি। শরীরে শক্তি না থাকার কারণে কথাও বলতে পারছিলেন না। পরে গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে স্থানীয় থানায় জানানোর পর বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে হাসপাতালের শয্যায় আছেন তিনি।

হাসনিপুরসহ আশপাশের অন্তত ৬০ ব্যক্তির কাছে ছবি দেখিয়ে বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা করেছেন এ প্রতিবেদক। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের কাছেও ছবি দেখিয়ে পরিচয় উদ্ধারের চেষ্টা করা হয়। তবে কেউ তাঁকে চেনেন না এবং আগেও দেখেননি বলে জানিয়েছেন। ইউনিয়ন পরিষদের বারান্দায় তিনি কীভাবে এলেন সে বিষয়েও কেউ তথ্য দিতে পারেননি।

গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, গ্রাম পুলিশ তাঁকে বিষয়টি জানানোর পর তিনি থানার মাধ্যমে বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থার জন্য গ্রাম পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। তিনিও বৃদ্ধার পরিচয় উদ্ধারের চেষ্টা করছেন।

আজ রোববার সকালে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বৃদ্ধাকে শয্যায় নিস্তেজ অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়। ভর্তির রেজিস্ট্রারে ‘অজ্ঞাত’ হিসেবে পরিচয় উল্লেখ করা হয়েছে। তিনি মাঝেমধ্যে চোখ মেললেও স্পষ্ট করে কোনো কথা বলতে পারছিলেন না। শরীরের চামড়াগুলো ঝুলে গেছে। শুকিয়ে গেছেন। হাসপাতাল থেকে যে খাবার দেওয়া হয়, সেগুলো খেয়েই থাকছেন। তবে সব খাবারও খেতে পারছেন না বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। দুই দিন ধরে খাবারের প্রতিও অনীহা দেখা দিয়েছে। ক্রমেই তিনি দুর্বল ও কঙ্কালসার হয়ে পড়ছেন।

হাসপাতালের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, বৃদ্ধা নড়াচড়া করতে পারছেন না। বিছানাতেই প্রাকৃতিক কাজ সারছেন। শয্যা থেকে উঠে বসার মতো শক্তি নেই। তবে হাসপাতালে আনার পর খাওয়ারদাওয়ার পর আগের চেয়ে একটু শক্তি পেয়েছেন।

হাসপাতালের জ্যেষ্ঠ নার্স (ব্রাদার) ইকবাল হোসেন বলেন, তাঁর দায়িত্বের সময় তিনি বৃদ্ধার সেবা করেন। তিনি ঘুমিয়ে থাকতে চান। কিছু জানতে চাইলে শুধু ঘুমের ওষুধ চান। স্বাভাবিক খাবার খেতে পারছেন না। হাসপাতালে ভর্তির পর থেকে তাঁরা সেবা দিয়ে যাচ্ছেন বলে জানান ইকবাল।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমেনা বেগম প্রথম আলোকে বলেন, অজ্ঞাতনামা ওই বৃদ্ধাকে নিয়ে তাঁরা রীতিমতো বিপাকে পড়েছেন। তাঁর কিছু স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার প্রয়োজন, যা এই হাসপাতালে সম্ভব নয়। এ সময় তাঁর ভালো সেবার দরকার। তবে কোনো অভিভাবক না থাকায় সম্ভব হচ্ছে না।

বাগমারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, সমাজসেবা অধিদপ্তর থেকে এসব রোগীর জন্য ওষুধ কেনার খরচ বহনের ব্যবস্থা আছে। একটি ফরম পূরণ করা হলে ওষুধ কেনার টাকা দেওয়া হবে। সমাজসেবার বৃদ্ধাশ্রম আপাতত নেই। আদালতের নির্দেশনা ছাড়া তাঁকে সেফ হোমেও রাখা যাবে না।