রাজশাহীতে গিয়ে আম কিনে ঢাকায় ফেরা হলো না ব্যবসায়ী করিমের
ঢাকার ফল ব্যবসায়ী আবদুল করিম (৪৬)। আম কেনার জন্য এসেছিলেন রাজশাহীতে। আম কিনে ট্রাকে করে পাঠিয়েও দিয়েছেন। তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেট কার) করে। কিন্তু বাড়িতে পৌঁছাতে পারলেন না। নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় আবদুল করিমকে বহনকারী গাড়ির সঙ্গে ঢাকা থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবদুল করিম নিহত হন। আহত হন তাঁর সঙ্গে থাকা অপর চার আরোহী।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যবসায়ী আবদুল করিম ঢাকার আমিনবাজার এলাকার বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে আজ সকাল সাতটার দিকে ব্যক্তিগত গাড়িতে (ঢাকা মেট্রো খ ১২-১২১১) করে ঢাকার উদ্দেশে রওনা দেন আবদুল করিম। তাঁদের বহনকারী গাড়িটি মানিকপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ব্যক্তিগত গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা চারজন গুরুতর আহতন হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল করিমকে মৃত ঘোষণা করেন।
আহত যাত্রী দেলোয়ার হোসেন জানান, তাঁরা মহাসড়কের বাঁ পাশ দিয়েই যাচ্ছিলেন। কিন্তু বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটি হঠাৎ তাঁদের গাড়ির ওপরে উঠে যায়। এতে তাঁরা হতাহত হন।
মাইক্রোবাসের আরোহী নীরব মণ্ডল জানান, তাঁরা প্রবাসী এক আত্মীয়কে নিয়ে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে নওগাঁ জেলার আত্রাই উপজেলায় যাচ্ছিলেন। মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছালে ব্যক্তিগত গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। তাঁদের বহনকারী মাইক্রোবাসটি মহাসড়কের পাশের ফিডার রোডে উল্টে যায়। এতে তাঁরাও কিছুটা আহত হন।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, মাইক্রোবাস ও প্রাইভেট কারটি আটক করা হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে। দুপুর পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।