সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে নির্যাতন, গ্রেপ্তারের পর কারাগারে দুই ছেলে

মাকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই ভাই। রোববার দুপুরে নওগাঁর ধামইরহাট থানা চত্বরেছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে সম্পত্তি লিখে না দেওয়ায় চাঁদ সুলতানা (৬৫) নামের এক বৃদ্ধ নারীকে নির্যাতনের অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চাঁদ সুলতানা উপজেলার খড়মপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদ সুলতানার বড় ছেলে আবদুল মমিন (৪৫) ও ছোট ছেলে আবদুল মুকিম (৩৫)।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বৃদ্ধ চাঁদ সুলতানা তাঁর মেয়েকে নিয়ে থানায় আসেন। এরপর তিনি তাঁর ছেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ থেকে জানা যায়, চাঁদ সুলতানার স্বামীর মৃত্যুর পর দুই ছেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁরা আলাদাভাবে সংসার করে আসছিলেন। এর মধ্যেই সুলতানার নামে থাকা কিছু সম্পত্তি লিখে নিতে চাপ সৃষ্টি করেন দুই ছেলে।

পারিবারিকভাবে বিষয়টি সুরাহার চেষ্টা করা হলেও ছেলেরা মাঝেমধ্যেই অকথ্য ভাষায় মাকে গালিগালাজ ও মারধর করতেন। গতকাল আবার বৃদ্ধ মাকে তাঁর ছেলেরা মারধর করে বাড়িতে থেকে বের করে দিতে চান। উপায় না পেয়ে বিকেলেই থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর আজ রোববার দুপুরে অভিযুক্ত বৃদ্ধ চাঁদ সুলতানার দুই ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া পর ধামইরহাট থানার ওসি মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মেলে। এরপর অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।