টাঙ্গাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ২ ছাত্রলীগ কর্মী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আরোহী দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের বাজিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার পাচনখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে রিফাত (১৪) ও মৃত আয়নাল হকের ছেলে অন্তর আলী (১৬)। তাঁরা দুজন উপজেলার বীরতারা ইউনিয়নের ছাত্রলীগের কর্মী।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, তাঁরা দুজন মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাজিতপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেহগনি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ওই দুজন মারা যান। পরে আইনি প্রক্রিয়া শেষে দুজনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।