ছয়তলা ভবনের ছাদ থেকে খসে পড়া ইট থামিয়ে দিল চঞ্চলের জীবনের চাকা

লাশপ্রতীকী ছবি

সকাল থেকে রিকশার প্যাডেলে ঘাম ঝরিয়েছিলেন চঞ্চল (৩৫)। হয়তো দিনের শেষে দু-চারটি ভাড়া বেশি পেলে পরিবারকে একটু স্বস্তি দিতে পারবেন—এমনই হিসাব ছিল তাঁর। কিন্তু সেই হিসাব আর মিলল না।

রংপুর নগরীর খলিফাপাড়ার কাজীবাড়ি রোড দিয়ে খালি রিকশা নিয়ে যাওয়ার সময় আজ শনিবার বিকেলে নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের ছাদ থেকে খসে পড়া কয়েকটি ইট মুহূর্তেই থামিয়ে দিল তাঁর জীবনের চাকা।

চঞ্চলের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। তিনি রংপুর শহরে ভাড়া করা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী রবিউল ইসলামের নির্মাণাধীন ছয়তলা ভবনে তখন শ্রমিকেরা কাজ করছিলেন। এ সময় রাস্তা দিয়ে একটি খালি রিকশা নিয়ে যাচ্ছিলেন চঞ্চল। হঠাৎ ভবনের ছাদ থেকে কয়েকটি ইট খসে তাঁর মাথায় এসে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি রিকশা থেকে ছিটকে সড়কে লুটিয়ে পড়েন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, চঞ্চলের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।