মাদক বিক্রির প্রতিবাদ করায় সাবেক নারী ইউপি সদস্যকে হত্যার অভিযোগ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদক বিক্রির প্রতিবাদ করায় ফিরোজা বেগম (৬০) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত এক নারী সদস্যকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে ওই ইউপি সদস্যের ছেলে ফিরোজ মিয়া সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
এর আগে গত সোমবার রাতে উপজেলার জাঙ্গালিয়াকান্দা গ্রামে ইউপি সদস্য ফিরোজা বেগমের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ফিরোজ মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। ফিরোজা বেগম উপজেলার বাঘবেড় ইউপির তিনবারের সাবেক সংরক্ষিত নারী সদস্য ও শিমুলতলা গ্রামের মৃত নূর বক্স মিয়ার স্ত্রী ছিলেন।
পুলিশ ও মৃতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঘবেড় ইউনিয়নের খয়ড়াবাঘবেড় গ্রামের খলিলুর রহমানের সঙ্গে শনিবার এলাকায় মাদক বিক্রি নিয়ে ইউপি সদস্য ফিরোজার বাগ্বিতণ্ডা হয়। এর জেরে সোমবার সন্ধ্যায় খলিলের সহযোগী রাইজ উদ্দিন বিচারের কথা বলে ফিরোজাকে জাঙ্গালিয়াকান্দা এলাকায় নিয়ে যান। রাত আটটার দিকে ফিরোজাকে অজ্ঞান অবস্থায় জাঙ্গালিয়াকান্দা সড়কের পাশে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা মুখে পানি ছিটিয়ে তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ফিরোজাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক মেহেদী হাফিজ প্রথম আলোকে বলেন, হাসপাতালের আনার আগেই ওই নারীর মৃত্যু হয়। তাঁর নাকে সামান্য আঘাত ও রক্ত লেগে ছিল।
এ ঘটনায় গতকাল বিকেলে ফিরোজার বড় ছেলে ফিরোজ মিয়া বাদী হয়ে মাদক ব্যবসায়ী খলিলুর রহমান ও তাঁর সহযোগী রাইজ উদ্দিনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।
ফিরোজ প্রথম আলোকে বলেন, ‘বাগবেড় এলাকার সবচেয়ে বড় মাদক কারবারি খলিল। রাইজ উদ্দিন তাঁর সহযোগী। এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় রাইজ উদ্দিনকে দিয়া বিচারের কথা কইয়া আমার মাকে মাইরা ফালাইছে। মায়ের সঙ্গে থাকা ব্যাগও রাইজ উদ্দিন নিয়ে পালিয়ে গেছে। আমি আমার মায়ের হত্যার বিচার চাই। খলিলের মাদক ব্যবসা বন্ধের দাবি জানাই।’
ইউপি সদস্য ফিরোজা বেগমের মৃত্যুর পর খলিলুর রহমান ও রাইজ উদ্দিন এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। অভিযোগের বিষয়ে তাঁদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও নম্বর দুটি বন্ধ পাওয়া যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ওই নারীর ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।