ইউপি সদস্য ছেলের মারধরে হাসপাতালে বৃদ্ধ মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর জেলার মানচিত্র

মাদারীপুরে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের একজন সদস্যের বিরুদ্ধে। তাঁর নাম দবির মালত। তিনি খোয়াজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

এ ঘটনায় গত শনিবার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মা আলফাতুন নেছা (৭০)। তিনি সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকার মৃত রশিদ মালতের স্ত্রী। তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আলপাতুন নেছার আরেক ছেলে মাসুদ মালত মায়ের পক্ষ নেওয়ায় তাঁর ওপরও হামলা চালিয়েছেন দবির মালত ও তাঁর ছেলে। মাসুদ মালতও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে হামলার কথা অস্বীকার করেছেন ইউপি সদস্য দবির মালত। তিনি প্রথম আলোকে বলেন, ‘এসব বানোয়াট ও ভিত্তিহীন। আমার বিরুদ্ধে মা, ভাই ও বোনেরা একজোট হয়ে ষড়যন্ত্র শুরু করেছে।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মা ও ভাইকে নির্যাতনের আলাদা দুটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আলফাতুন নেছার সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতে তাঁকে চাপ দিচ্ছিলেন ইউপি সদস্য দবির মালত। ওই সম্পত্তি লিখে না দেওয়ায় গত শনিবার সকালে দবির মালত, তাঁর স্ত্রী নাজমা আক্তার ও তাঁদের ছেলে নাজমুল মালত ঘরে ঢুকে আলফাতুন নেছাকে কোদাল ও বেলচা দিয়ে মারধর করেন।

এ সময় তাঁর চিৎকার শুনে মাসুদ মালত এগিয়ে এলে তাঁকেও মারধর করেন তাঁরা। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। পরে আলফাতুন নেছাকে আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে মায়ের লিখিত অভিযোগে সাক্ষী হওয়ায় গতকাল রোববার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তাঁর ওপর দবির মালতের ছেলে নাজমুল মালত লোকজন নিয়ে হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন মাসুদ মালত।

তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই স্ত্রী–সন্তান নিয়ে মায়ের ওপর হামলা চালালে আমি গিয়ে তাঁদের বাধা দিতে যাই। এ সময় আমাকেও মারধর করেন তাঁরা। এ ঘটনায় মা তাঁর অভিযোগপত্রে আমাকে সাক্ষী করায় আমার ভাজিতা নাজমুল ও সিফাত লোকজন নিয়ে আমার ওপর হামলা করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

ভুক্তভোগী মা আলফাতুন নেছা প্রথম আলোকে বলেন, ‘আমার নিজের নামে কিছু সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তি আমার মেজ ছেলে দবির ও তার স্ত্রী জোর করে লিখে নিতে চায়। আমি জমি লিখে না দেওয়ায় আমার ঘরে আইসা দবির, ওর স্ত্রী ও ছেলেকে নিয়ে আমাকে মারে। আমি এই ঘটনার বিচার চাই।’