ক্যালকুলেটরে হিসাব করে ঘুষ চাওয়া পিআইওকে বদলি, তদন্তের নির্দেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায় তাঁর অফিসকক্ষেছবি: ভিডিও থেকে নেওয়া

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় টিআর-কাবিখা-কাবিটা প্রকল্পে ১৫ শতাংশ ঘুষ চাওয়ার অভিযোগ ওঠা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে বদলি করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে আজ মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপসচিব সানজিদা ইয়াছমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে অভিযোগ ওঠা পিআইও বাবুল চন্দ্র রায়কে আগামীকাল বুধবারের মধ্যে সংযুক্তকরণ কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ওই দিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে এ ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন-১) তাশনূভা নাশতারান সাক্ষরিত এক চিঠিতে অধিদপ্তরের উপপরিচালক (গবেষণা) কাজী মো. বদরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই চিঠিতে সূত্র হিসেবে ‘ক্যালকুলেটরে হিসাব করে ঘুষ চাচ্ছেন সরকারি কর্মকর্তা, বললেন ১৫ পারসেন্ট যদি দেন, ৩৮ হাজার আসে’ শিরোনামে দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ভিডিওর কথা উল্লেখ করা হয়েছে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা পিআইও বাবুল চন্দ্র রায়কে বদলি করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্তকরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনা তদন্তের জন্য আগামীকাল একজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তা আসবেন।

এর আগে গতকাল সোমবার ক্যালকুলেটরে হিসাব করে ইউপি সদস্য ও টিআর-কাবিখা-কাবিটা প্রকল্পের সভাপতিদের কাছে প্রকল্প পিআইও বাবুল চন্দ্র রায়ের নিজ কার্যালয়ের বসে ১৫ শতাংশ ঘুষের টাকা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে এ বিষয়ে প্রথম আলো অনলাইনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিডিওসহ প্রতিবেদন প্রকাশিত হয়।