কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা আবদুল কাইয়ুম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ নেতা আবদুল কাইয়ুম
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আবদুল কাইয়ুমকে (খোকন) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে হোসেনপুর পৌর সদরের নতুন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুল কাইয়ুম হোসেনপুর উপজেলা সদরের আড়াইবাড়িয়া এলাকার মৃত কেরামত আলী ব্যাপারীর ছেলে। তিনি দুবার হোসেনপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। সেই সঙ্গে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার অভিযোগে মো. সুজন নামের এক আইনজীবী বাদী হয়ে ১৩ অক্টোবর কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। ওই মামলায় আবদুল কাইয়ুমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মারুফ হোসেন বলেন, গ্রেপ্তারের পর তাঁকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি শ্যামল মিয়া বলেন, আইনজীবী মো. সুজনের করা মামলায় সাবেক মেয়র আবদুল কাইয়ুমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।