প্রথমবার সংসদ সদস্য হয়ে মন্ত্রিসভায় আহম্মদ সোহেল মঞ্জুর, পিরোজপুরে উচ্ছ্বাস

আহম্মদ সোহেল মঞ্জুরছবি: সংগৃহীত

নতুন সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর। প্রথমবার সংসদ সদস্য হয়েই তিনি বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকায় নেতা–কর্মী ও সমর্থকদের আনন্দ-উচ্ছ্বাস করতে দেখা গেছে।

পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে ১৯৯৬ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আহম্মদ সোহেলের বাবা নূরুল ইসলাম মঞ্জুর। তিনি ছিলেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, পিরোজপুর জেলা বিএনপির উপদেষ্টা এবং মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের বেসামরিক প্রধান। তাঁর রাজনৈতিক উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছেন আহম্মদ সোহেল মঞ্জুর।

এ আসনে দীর্ঘদিন ধরে প্রভাবশালী ছিলেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। প্রায় তিন দশক পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে জয় পায় বিএনপি।

এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে আহম্মদ সোহেল মঞ্জুর পান ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী পান ৯৬ হাজার ৮৯৭ ভোট। তিনি প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর নতুন সরকার ও মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা চলছিল। বিশেষ করে পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত এই তরুণ সংসদ সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি ছিল স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয় নেতারা বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিক হিসেবে আহম্মদ সোহেল মঞ্জুর মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

এ বিষয়ে আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, রাষ্ট্র পরিচালনায় বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করা হবে। একই সঙ্গে তিনি সবাইকে ধৈর্য ধরে দলের পরিকল্পনায় অংশ নেওয়ার আহ্বান জানান।