পলাশে অটোচালকের মুখ বাঁধা লাশ পাওয়া গেল সড়কের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নরসিংদীর পলাশ উপজেলায় সড়কের পাশে নির্জন স্থান থেকে কাপড়ে মুখ বাঁধা অবস্থায় একজন অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. ইসমাইল মিয়া (২৪)।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁর মাথার বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

মো. ইসমাইল মিয়া নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের মো. ইব্রাহীম মিয়ার ছেলে। ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার রাতের কোনো এক সময় তাঁকে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, আজ সকাল ১০টার দিকে দড়িচর গ্রামের পাকা রাস্তা ধরে যাওয়ার সময় সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েক ব্যক্তি। এরপর আশপাশের লোকজন জড়ো হয়ে পলাশ থানায় বিষয়টি জানান। দুপুর সাড়ে ১২টার দিকে পলাশ থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ইসমাইল মিয়ার স্বজনেরা প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল তিনটার দিকে ইসমাইল বাড়ি থেকে অটোরিকশা নিয়ে নরসিংদী শহরের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে নরসিংদী মডেল থানায় যাওয়ার পর সেখান থেকে পলাশ উপজেলার গজারিয়া এলাকায় একটি লাশ উদ্ধার হয়েছে বলে জানানো হয়। তাঁরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।

পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধারের সময় ওই অটোচালকের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। তাঁর মাথার বাঁ পাশে জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মুখ বেঁধে হত্যার পর লাশ সড়কের পাশে ফেলে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এমদাদুল হক আরও বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য বেলা দেড়টার দিকে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।