‘সেই ঘটনাকে টক অব দ্য কান্ট্রিতে পরিণত করেছিলেন মরিয়ম মান্নান’
খুলনায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে মা রহিমা বেগমকে আত্মগোপনে রেখেছিলেন ঘটনাটিকে টক অব দ্য কান্ট্রিতে পরিণত করেছিলেন তাঁর মেয়ে মরিয়ম মান্নান। আজ দুপুর ১২টার দিকে খুলনা পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছেন খুলনা পিবিআই–এর পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।
পুলিশ সুপার বলেন, রহিমা বেগম স্বেচ্ছায় ২৮ দিন আত্মগোপনে ছিলেন। ওই সময়ে তিনি বিভিন্ন স্থান পরিবর্তন করেছেন। গত ২৭ অক্টোবর দিবগত রাতে তিনি মহেশ্বরপাশার বাসা থেকে আত্মগোপন করে ঢাকায় চলে যান। ঢাকায় কিছুদিন অবস্থান করার পর তিনি বান্দরবানে চলে যান। বান্দরবান থেকে তিনি চলে যান ফরিদপুরের বোয়ালমারীর সৈয়দপুর গ্রামের এক পূর্বপরিচিতের বাড়িতে। পুলিশ সংবাদ পেয়ে ওই বাড়ি থেকে রহিমা বেগমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
তাঁকে উদ্ধার করার পর তিনি কোনো কথায় বলছিলেন না, নীরব ছিলেন। অনেক চেষ্টার পর তাঁকে কথা বলাতে সক্ষম হলে রহিমা বেগম প্রতিবেশী, যাঁদের সঙ্গে জমি নিয়ে বিরোধ আছে, তাঁদের নাম উল্লেখ করে তাঁরা অপহরণ করেছিলেন বলে বিবৃতি দেন। পরবর্তী সময় নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, রহিমা বেগমকে ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হলে, সেখানেও তিনি একই ধরনের মিথ্যা তথ্য বা বক্তব্য উপস্থাপন করেন।
সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ময়মনসিংহের ফুলপুরের ৩০-৩২ বছরের এক নারীর অর্ধগলিত লাশকে নিজের মা বলে চালিয়ে নেওয়ার নাটক করেছিলেন মরিয়ম মান্নান। ওই মৃতদেহকে যদি মা বলে চালিয়ে নেওয়া যেত, তাহলে প্রতিবেশীদের চিতরতে ফাঁসানো যেত এবং নিঃশেষ করা যেত। কিন্তু তাঁরা চিন্তা করেননি পুলিশ তাঁর মাকে খুঁজে বের করে ফেলবে।
পুলিশ সুপার বলেন, ‘এটা চার্জশিট নয়, এটা হলো পুলিশ প্রতিবেদন। চার্জশিট হয় সাধারণ আসামিদের বিরুদ্ধে। কিন্তু এখানে আসামিদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। আদালত চাইলে মরিয়ম মান্নানদের বিরুদ্ধে আলাদা মামলা করে চার্জশিট দেওয়া যাবে।’
জানতে চাইলে রহিমা বেগম অপহরণ মামলার প্রধান আসামি মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ওই মিথ্যা মামলায় আমরা জেল খেটেছি। আমাদের পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত জীবন একেবারে তছনছ হয়ে গেছে। আমরা চাই প্রশাসন ওই মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক।’ তিনি আরও বলেন, ‘আমরা ছিলাম সন্দেহভাজন আসামি। এরপরও আমাদের এক মাসেরও বেশি জেল খাটতে হয়েছে। এখনো নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে। তাহলে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তারা কেন বাইরে থাকবে।’