ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে দুই বন্ধু নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ নগরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে দুই বন্ধু নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে নগরের জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলেন আবির আহমেদ (১৯) ও মেহেদি হাসান (২০)। নিহত আবির নগরের মাসকান্দা এলাকার আজগর আলীর ছেলে। আর মেহেদী নগরের পুরোহিত পাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। মেহেদী নগরের বাসাবাড়ি হকার্স মার্কেটের একটি দোকানে দরজি হিসেবে কাজ করতেন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে দুই বন্ধু আবির ও মেহেদি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। তাঁরা নগরের মাসকান্দা থেকে চুরখাইয়ের দিকে যাওয়ার পথে জিগাতলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই মোটরসাইকেলটি সড়কের ওপরে আছড়ে পড়ে দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ মারা গেছেন। দুজনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।